স্বপ্ন দেখি কবিতার একটা শহর হবে
যে শহরের প্রধান কারেন্সী হবে পঙক্তি; কবিতার চরণ
ঠিক এখনকার টাকার মত। নষ্ট টাকার মত।
হঠাৎ হয়ত একদিন পাগলাটে অর্থমন্ত্রী ঘোষনা দিবে-
'বাজারে এক পঙক্তি, দুই পঙক্তির কবিতা থাকবে না আর'
শুনে গরীব কবিদের মাথায় হাত।
এমনিতেই ইদানিং জিনিসপত্রের যে দাম...
সেখানে বাসের কন্ডাকটর ভাড়া চাওয়া মাত্রই
আবৃত্তি করা হবে পছন্দের কবিতা।
সেখানেও ভাড়া নিয়ে কখনো-সখনো গোলমাল বাঁধে
কন্ডাকটরের অসন্তোষ্টি
'এত অল্প কবিতা দিলেন যে?'
'আরে মামা রাখো, স্টুডেন্ট। হাফ-ভাড়া।'
যুবকের উত্তর শুনে কন্ডাকটর রাগে গজ গজ, সামনে এগোয়।
আপনি হয়ত অনিদ্রার জন্য ডাক্তারের কাছে গেলেন এবং
ডাক্তার সাহেব তেমন কিছু না শুনেই
ঘচাং করে কলমের ডগা দিয়ে তার প্যাডে লিখে দিলেন,
'নির্মলেন্দু গুনের কবিতা। প্রতিরাতে দুইবার পড়ে ঘুমাতে হবে।'
বুকের ভেতর গুড়্গুড় শব্দ?
'হেলাল হাফিজ তিনবেলা। দুই সপ্তাহ পর আবার আসবেন।'
অনেক স্বপ্ন।
মুখ বাঁকিও না,
যদিও আমি কবি না,
তবু জানোতো কবিদের মিথ্যা স্বপ্ন দেখার লাইসেন্স থাকে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



