প্রতিদিন কল্পনাতে একবার করে তোমাকে হত্যা করি। কি আশ্চর্য! তারপরেও বারবার ফিরে আসো। ছ'হাজার ছ'শ একচল্লিশ বার, নাকি তারও বেশি; আমি খুন করেছি? আর কতো বার খুন করলে তুমি আর আসবে না বলতে পারো?
হেটে বেড়ায় একটা শুঁয়োপোকা ঘাসের উপর। কাঠের বাড়ির প্রাচীন ওক কাঠের দরজা। দরজাটা খোলা রেখেই চলে গেছে পুরনো বেহালার সুর। শুঁয়োপোকা, তুমি হয়ে যাও প্রজাপতি। নর্তকী আবারো পড়বে নূপুর।
প্রতিদিন একবার করে তোমার জন্য কবর খুঁড়ি। তারপরেও তুমি উঠে আসো। কি আশ্চর্য, ঘুম নেই? ঘুমাও না ক্যানো? রুপোর কাঠি ছুঁয়েছি ন'হাজার তিনশ তেপ্পান্ন বার। কোন কাঠিতে ছুঁয়ে দিলে ঘুম আসবে তোমার, বলো তো?
একটা কাঠঠোকরা এসে বসে কাঠের বাড়ির উপর। শুঁয়োপোকাদের চোখে তখন প্রজাপতির স্বপ্ন, আনমনে তারা উড়ে বেড়ায়- নিরন্তর। শুধু তোমার চোখে কোন স্বপ্নই দেখিনি। অন্ধ কি আমি- নাকি নীল পাথরের চোখ তোমার? অন্ধকারে খুঁজে বেড়াই সাইরেনদের গান, বাক্সবন্দী দুঃখ আমার।
প্রতিদিন একবার করে আমি তোমায় ভুলি। তবু যে ক্যানো আমি ভালো থাকি না।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



