আমি মাটির পুতুল হতে চাই
রাতে বেঘোরে ঘুমিয়ে, সকালে সূর্যের সাথে উঠবো,
সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘরে ফিরবো;
আমি কাঠের পুতুল হতে চাই, পুতুলের দুঃখ কষ্ট নেই
পুতুলেরা শোনেনি কখনো পাখিদের গান-
ঝর্নার শব্দ; পুতুলেরা চোখ মেলে কখনোই দেখেনি
ঘন সবুজ অরন্য, পুতুলেরা শেখেনি বাজাতে পাতার বাঁশি,
পুতুলদের জীবন শুধু ছকে আঁকা, গণ্ডিবদ্ধ স্বর্গে বসবাস করে ওরা,
আমি পুতুল হতে চাই, কারণ পুতুলেরা জানে না
প্রতিবাদী হতে, ওদের স্বর্গে তো কোনো পাপই নেই,
ওরা কিভাবে প্রতিবাদী হবে? পুতুলেরা শুধু শিখেছে সুতোর টান,
কল-কাঠি নাড়া ওদের প্রভুদের আনুগত্য, ওরা সঁপেছে
নিজেদের হাত-পা, দেহ খানি; ওদের প্রান-মন কখনোই ছিলো না
অথবা কোনো একদিন ওগুলোকে দিয়েছিলো কবর চাপা,
কেউ জানে না;
খবর রাখে নি কেউ, এইখানে এই ছোট স্বর্গে সবাই খুব বেশি ব্যস্ত
সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘরে ফেরে,
ওরা কখনো মাথা উচু করে দেখেনি আকাশ, দেখতে জানে না;
অথবা,
ওদের স্বর্গে কোনো আকাশই নেই, নেই কোনো ধানক্ষেত, পাখিদের প্রাণ,
কি হয় আকাশ দেখে? শুনে বনের গান?
ভাবি তাই- আমিও পুতুল হবো,
অন্ধ,বধীর,স্বর্গবাসী;
পৃথিবীকে জ্বালিয়ে বানাবো এক মহাশ্মশান।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



