
কোথায় রয়েছো জানি-
তবু ব্রহ্মাণ্ডের এই দ্বিতীয় অধ্যায়ে এসে
আমাদের আর দেখা হলো না। বুকের ভেতর এখন জন্মাচ্ছে
সাতাশটি মরুভূমি!
পাপ খুঁজতে এসে এখন খরচ হয়ে যাচ্ছে আগের
পৃথিবী!
আমাদের সব স্মৃতি! পূর্বজন্মের হলদে ধানক্ষেত, নরম নদীর জল।
রূপালি বাগানের উজ্জ্বল ফল, ঝর্ণার শব্দে
ক্রমশ ঝিরিঝিরি রাত!
কোথায় রয়েছো জানি-
তবু
ব্রহ্মাণ্ডের এই দ্বিতীয় অধ্যায়ে এসে
আর দেখা হলো না
অথচ এক মুঠো জোছনা হাতে নিয়ে
এখানেও সমাধিস্থ হতে পারতো আমাদের নীলাকাশ।
দেখো- আসো নি বলে কীভাবে আমার হাঁটার পথে ভেঙে যাচ্ছে
সমুদ্রের পাড়!
পরিচয় ছিল অনেক প্রাচীন; নক্ষত্রের মতো- তুমি ছিলে পল্কা আলো
যদিও চোখ বুজলে এখন আর একেবারেই তোমাকে
দেখি না
শুধু দেখতে পাই একদলা বিশুদ্ধ অন্ধকার!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




