আমরা কজন যাব
মৃত কাঁকড়ার দ্বীপে আসক্ত মাতালের মত
চোখ ছিঁড়ে ছিঁড়ে দেখবো অপহৃত নীল আর নীল
পা ডুবিয়ে বালিমাখা জলের প্রাচীরে ...
লীন চোখে নয়
মাঝিদের লীন চোখে নয়;
জাহাজীর দীর্ঘ চোখে নয়;
কোন প্রেপ্সু জলদস্যুর শীতল কালো ক্রূঢ় চোখে নয়,
চোখ ছিঁড়ে ছিঁড়ে দেখবো অপহৃত নীল আর নীল
আমাদের কজনের চোখে ।
মৃত কাঁকড়ার দ্বীপে
আমাদের কজনের অমূল্য চোখ দেব বেঁচে ...
তারপর রাত্রি নেমে এলে
যখন সমস্ত নীল শুষে নেবে অপরাজিতার নিদ্রোত্থিতা দল
অজস্র নক্ষত্র তারা নীহারিকা ভেঙে
ঝরাবে বৃষ্টির মত রূপালী রঙ ঝরানো আলো
আমরা অন্ধ হওয়ার উৎসবে-
কাঠপোঁড়া অগ্নিকে ঘিরে রব নির্নিমিখে বালুচরে বসে
দূর সমুদ্র হাওয়া ঢেউ, কাঠপোঁড়া গমগমে আগুনের গান
ঠিক ঠিক চিনে নেবে চুপচাপ বসে থাকা অন্ধদের কান ।
আমরা কজন যাবো
চোখ হারাতে মৃত কাঁকড়ার দ্বীপ দারুচিনি দ্বীপের বালিতে
তারপর ফিরে এসে; যদি ফিরে আসি--
ধূসর সাদা ইট কাঠ ধোঁয়ার শহরে
জানি আমরা সত্যি অন্ধ হবো, পুরোনো চোখে কিছু আর লাগবে না ভালো,
অন্ধদের চোখ সব বিক্রি হয়ে গেছে
উপকূলে ঢেউয়ের গভীরে
যেখানে মরেছে সূর্য, সেইখান থেকে
সমুদ্র সেখান থেকে নিঃশব্দে বারংবার ডাকবে আবার
জানি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




