আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক মানের রিয়েলিটি শো 'বাংলাদেশ আইডল'। এই শোর মাধ্যমে সারাদেশ থেকে বিশ্বমানের আইডল খুঁজে বের করা হবে। অনুষ্ঠানটি প্রচার করবে সাউথ এশিয়ান টেলিভিশন (এসএটিভি)। পুরো অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে থাকছে ডেল্টা বে প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেড। সোমবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডেল্টা বে প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ফখরুদ্দীন রাজী, ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন মুকুল, উপদেষ্টা খম হারুন, এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ, চিফ অপারেটিং অফিসার সৈয়দ সালাউদ্দিন জাকী, উপদেষ্টা (সেলস অ্যান্ড মার্কেটিং) জাফর আই খান, হেড অব প্রোগ্রাম জেরিন আলতাফ, হেড অব নিউজ স্কট ক্রেইগ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ডেল্টা বের ভাইস চেয়ারম্যান সায়দিকুর রহমান, পরিচালক (অর্থ) আলী মো. জাকারিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি আইডলের তিন বিচারক এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহরীন। ফেরদৌসি রহমান দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো কোনো সঙ্গীত রিয়েলিটি শোর বিচারক হিসেবে অভিষেক হতে যাচ্ছে এন্ড্রু কিশোরের। তিনি বলেন, তাকে এর আগে অনেকেই বলেছিলেন বিচারক হতে। কিন্তু তিনি আসলে নিজেকে এত বড় কাজের যোগ্য মনে করতেন না। তাই এতদিন বিচারক হওয়া হয়নি। এই অনুষ্ঠানটি আন্তর্জাতিক মানের হওয়ায় বিচারকের দায়িত্বটি কাঁধে নিয়েছেন। অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু বলেন, কিছু মেধাবী এবং আদর্শবান সঙ্গীত প্রতিভা খুঁজে বের করতে পারবেন এ অনুষ্ঠানের মাধ্যমে। এ রকম একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। মেহরীন বলেন, বাংলাদেশি আইডল সত্যিই একটি ঘটনা হবে। সঠিক প্রতিভাকেই খুঁজে বের করার চেষ্টা করা হবে। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ফেব্রুয়ারিতে 'বাংলাদেশি আইডল' এর অডিশন পর্ব শুরু হবে। ১৮ থেকে ২৮ বছর বয়সী বাংলাদেশি নাগরিক এতে অংশগ্রহণ করতে পারবেন। সারাদেশের অডিশন পর্ব চলবে। পর্যায়ক্রমে রাঙামাটি, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকাসহ মোট ৯টি ভেন্যুতে রেজিস্ট্রেশনের ভিত্তিতে অডিশন নেয়া হবে। অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানো হবে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে। উল্লেখ্য, এসএ টিভি ১৯ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক সমপ্রচার শুরু করবে।
এখন দেখা যাক এই রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ান এর মত জনপ্রিয়তা লাভ করতে পারে কি না। ক্লোজ আপ ওয়ান তো গত চার মৌসুম ধরে চলে আসছে। আর নতুন রিয়েলিটি শো টা নতুন চ্যানেল এ প্রচার হবে। তাই জনপ্রিয়তায় ভাটা পড়তে পারে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



