শাহবাগ চত্বর এখন আলোর মোহনা। চারদিকে চার রাস্তা। মত্স্য ভবন, এলিফেন্ট রোড, বাংলামোটর ও টিএসসির ঠিক মাঝখানে প্রজন্ম চত্বরের মূল মঞ্চ। চার রাস্তাজুড়ে জ্বলছে মোমবাতি। মোমবাতি দিয়ে লেখা হয়েছে ‘৭১’। মোমবাতি জ্বালিয়ে আজ শুরু হয়েছে শাহবাগের রাতের কর্মসূচি।
বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে টাঙানো হয়েছে প্রায় ১০০ মিটারের মতো লম্বা বাংলাদেশের জাতীয় পতাকা। ‘৭১’-কে যেন ধারণ করে আছে ওই পতাকা। স্মরণ করিয়ে দিচ্ছে মুক্তিযুদ্ধের প্রতি আমাদের দায়বদ্ধতাকে। পতাকার পাশেই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নাটক আর গানের মধ্য দিয়ে চলছে প্রতিবাদ।
কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে সর্বস্তরের মানুষের অবস্থানের পঞ্চম দিন আজ। সেখানে অনেকে আছেন যাঁরা এই ফাঁসির দাবিতে এসে আর ঘরমুখো হননি। নাওয়া-খাওয়া ভুলে শাহবাগে পড়ে আছেন দাবির প্রতি অনড় হয়ে।
আজ বেলা বেড়েছে, সময় পেরিয়েছে কিন্তু ক্লান্তি আসেনি। লোকসমাগম বাড়ছেই। ফুঁসছে তারুণ্যের উচ্ছ্বাস। তাঁদের সঙ্গে অন্যদের মিলনমালায় তৈরি হয়েছে বিশাল এক গণজোয়ার। এতে যেন একাত্তরের সেই গণজাগরণেরই প্রতিধ্বনি।
নানা স্লোগানে মুখরিত শাহবাগ
শাহবাগে এসেছেন ছোট্ট সন্তান কোলে বাবা-মা। নানা শ্রেণী-পেশার মানুষের মুখে ধ্বনিত হচ্ছে ‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘জয় বাংলা’—এসব স্লোগান।
আজ বারবার উচ্চারিত হচ্ছে ‘সারা বাংলার মোহনা, শাহবাগ শাহবাগ’; ‘রক্ত দেব, জীবন দেব, রাজাকারদের ফাঁসি দেব’ স্লোগানগুলো।
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও জনসাধারণের সাথে একাত্ততা ঘোষণা করে এই প্রতিবাদে যোগ দিয়েছেন। তরুণ প্রজন্ম নতুন যুদ্ধে নেমেছে। বাংলাদেশের রিয়েলিটি শো গুলোতে তরুণদের সংখ্যা অনেক। যেমন ক্লোজ আপ ওয়ান, দ্যা আল্টিমেট ম্যান, সেরা কন্ঠ ইত্যাদি ইত্যাদি। তো এই সব তরুণদের ও উচিত এই সংগ্রামে যোগ দেয়া, গান গেয়ে গেয়ে সবাইকে অণুপ্রাণিত করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



