যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়.....
স্বপ্নের দেশ?
কেমন হয় সেই স্বপ্নের দেশ?
সবুজ গাছ নীল আকাশ রঙিন ফুল কলকল বয়ে চলা নদী আর মিষ্টি সুরে গেয়ে ওঠা পাখিদের দল। আর সেই দেশে জ্যোৎস্নার আলোয় বসে মিষ্টি মিষ্টি কথা বলা মানুষ, হিংসা নেই দুঃখ নেই কষ্ট নেই অনুভব নেই অধিকারবোধ নেই?
আমার স্বপ্নের পৃথিবী এরকমই থাকুক যেমন আছে এখন। নানা রঙের মানুষ, নানা রঙের খেলা, নানা রঙের সুতো। ভালোবাসা, মায়া মমতা প্রেম অভিমান অনুরাগের পাশাপাশি সম্পর্কে থাক হিংসে, মিথ্যাচার দ্বেষ বিতৃষ্ণা রাগ সব, সসসব...। সব চাই আমার। সাথে থাকুক মনের ক্ষিদেটুকুও। আষ্টেপৃষ্ঠে সব গিলে প্রতি মুহূর্তে নতুন আমির সামনে দাঁড় করিয়ে দেওয়া আয়নাটাও।
ঋণী থাকতে চাই সবকিছুর কাছে। আকাশ বাতাস আলো মেঘ বৃষ্টি রোদ্দুর এমনকি প্রতিটি ধুলোকণার কাছেও। ওরা আমাকে বাঁচতে শেখায় রোজ- নিঃস্বার্থ হয়ে। নির্ভিক হয়ে। প্রতিদিন ডুবে যাওয়া সূর্যের কাছে নতজানু হই আবার নতুন করে ফিরে আসার আহ্বানে।
ঋণী আমি আমার জীবনের প্রতিটি সম্পর্কের কাছে। কেউ ভালোবেসে আগলে রেখেছে, কেউ অকারণ ঘৃণায় দূরে সরিয়ে দিয়েছে, কারো ভরসার কাঁধ টের পাই অসময়ে আবার কেউ কেউ নিস্ফল হিংসায় ক্ষতবিক্ষত করেছে মনের জমিন। সবটাই প্রাপ্তি। আর বন্ধুরা, যারা অনাবিল হাসিতে, সহমর্মিতায় আর পরম মমতায় প্রতিটি দুর্বল সময়ে ঢাল হয়ে ওঠে তাদের এই ঋণ টুকু না থাকলে এগিয়ে যাবো কি করে। আঁধার সরিয়ে আলোর দিকে হেঁটে যাওয়া এই পথ, এই সাথীরা সবাই যে পরম আপন।
"রাখালের ঘর ছাড়া বাঁশিতে সবুজের
দোল দোল হাসিতে মন আমার মিশে থাকুক পরম আবেশে।
নীল আকাশের ওই দুর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় হারিয়ে আকাশের নীল দূর সীমা ছাড়িয়ে।
প্রানে যেন সবুজের, নীন আকাশের, গানের রেশ রয়"।
তাই আমার স্বপ্নের পৃথিবী এমনই থাকুক। বর্ণময়।
রামধনু রঙে আঁকা থাকবে আমার এই পৃথিবী যেখানে প্রত্যেক পদচিহ্নের কাছে ঋণী থাকতে চাই আজীবন।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




