লম্বু বিড়ম্বনা...
"লম্বা মানুষ বোকার হদ্দ"- প্রবাদ মাথায় নিয়ে লম্বুরা এমনিতেই মানষিক কষ্টে তারউপর যদি সব যোগ্যতা থাকা সত্বেও শুধুমাত্র লম্বা হবার কারণেই বিয়ের কণে খুঁজে পাওয়া না যায়-সেই দুঃখ কাহাকে শুধাই!
আমাদের বৃহত্তর যৌথ পরিবারে পুরুষের গড় উচ্চতা ৫'-৯" এবং নারী সদস্যদের গড় উচ্চতা ৫'-৫", যা গড়পড়তা বাংলাদেশীদের মধ্যে একটু ব্যতিক্রম বলা যায়!
আমার ছোট চাচার তিন মেয়ের পর একমাত্র ছেলের উচ্চতা ৬'-৪"! অত্যন্ত মেধাবী, উচ্চ শিক্ষিত, পেশাগত জীবনে অত্যন্ত সফল এবং পারিবারিক আর্থিক সচ্ছলতা ঈর্ষণীয়। আমার চাচা উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা এবং একটা জাতীয় কর্পোরেশন এর চেয়ারম্যান হিসেবে অবসর নিয়েছেন। চাচাতো ভাইয়ের গায়ের রং কালো হলেও সুদর্শন এবং একজন আদর্শ ভালো মানুষ।
আত্মীয় স্বজন, চেনাজানা পর্যায়ের মধ্যে কণে খুঁজে না পেয়ে দুটো বিখ্যাত ঘটকালি প্রতিষ্ঠানের দ্বারস্থ হই। আমি 'বেকার' বলেই ওই দুই প্রতিষ্ঠানে যোগাযোগ করে সম্ভাব্য কণেদের একটা তালিকা করার দায়িত্ব বর্তায় আমার উপর। গত কয়েক সপ্তাহ থেকে কণের সিভি দেখে যোগাযোগ করি... কিন্তু ব্যাটে-বলে মিলছেনা।
একটা বিশ্ববিদ্যালয়ের ভিসির কন্যাকে পছন্দ হয়েছিল। পাত্রকে সাথে নিয়ে তাঁদের বাড়িতে চাচা চাচী, একজন চাচাতো বোনকে নিয়ে গিয়েছিলাম। মোটামুটি কথাবার্তা চুড়ান্ত করে আসার পর পাত্রী পাত্রকে জানায়, "আমার সাথে আপনাকে গালিভার এবং আমাকে লিলিপুট মনে হবে....."!
অবশেষে রণে ভংগদিয়ে চাচাতো ভাইকে বেটে মেয়ে বিবাহের দশটি উপযোগীতার নোট দিয়েছিলাম-যা চাচাতো ভাই অরুচিকর আখ্যাদিয়ে প্রত্যাখ্যান করেছে!
আমার চাচাতো ভাইর একজন ড্রাইভারের নাম বাবলু। বয়স ২৪ বছর। শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী হলেও গ্রামের স্কুল থেকে অষ্টম শ্রেনী পাশের একটা চিঠি জোগাড় করে চাকরি নিয়েছিলো। সেই বাবলু চলতি মাসেই বিয়ে করেছে। স্ত্রী বিএ পাস! বাবলুর বিয়ের পর চাচাতো ভাই খুবই হতাশ - "হিমু ভাইয়া, বাবলুরও বিয়ে হয়ে গিয়েছে"!
আজ এক কণে নিজেই আমাকে ফোন করে অনেক কথা বলার পর আমাকে ঝাড়ি দিয়েছে.... "বেটে হওয়া কি পাপ? বেটে বা লম্বা হওয়া কি কারোর ইচ্ছাধীন? চুপ করে আছেন কেন?- জবাব দিন....!"........ আরও অনেক কথা শুনিয়েছে!
আমি তাঁকে সান্তনা দিয়ে বলেছি, "যদি আমার পুনর্জীবন হয়, আর তখনও যদি আপনার বিয়ে নাহয় এবং আপনি যদি আমাকে পছন্দ করেন তাহলে আমিই আপনাকে বিয়ে করবো। রেশিওঃ ৫'-১০" :৫'-১"!
লম্বা মানুষ যতই বোকা হোক, নিজ ঘরেরতো বটেই, প্রতিবেশীদের ঘরের লাইট/বালব লাগাতেও লম্বাদের বিকল্প নাই!
পুনশ্চঃ আমাদের বড়ো ছেলের উচ্চতা ৬'-১"+, বৌমার উচ্চতা ৫'-৬", ছোট ছেলের উচ্চতা ৬'-২"....ওর ভাগ্যে কি আছে আল্লাহ মালুম!
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




