আমার ঘর, আমার বাড়ি....
"মানুষ 'ঘর ঘর' করে গলা শুকায়। একখানা ঘর আর কতখানিই বা আশ্রয় দেয় মানুষকে, যদি না ঘরের লোক আপন হয়!" - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
ঘর আর বাড়ির মধ্যে পার্থক্যটা একটু অন্য রকম ভাবে বুঝতে শিখি যখন প্রথম বাড়ি থেকে দূরে থাকতে শুরু করি। আগে বাড়ি বলতে মনে হতো যেখানে রোজ স্কুল থেকে ফিরি। আর ঘর হলো সেই বাড়িতে একটা কামরা যেখানে আমার পড়ার টেবিল আছে। আমার ঘুমানোর জন্য খাট বেড আছে। যেখানে চুপটি করে মনেমনে বানিয়ে নেওয়া যায় গোটা এক পৃথিবী, বাড়ির আর সকলের অজান্তে।
যখন সেন্ট জোসেফ স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হলাম তখন থেকেই আমার হোস্টেল জীবন শুরু। তখন আমার ঘর হলো- ইচ্ছেমতো পড়ার চেয়ার টেবিল ছেড়ে যেখানে বিছানার ওপর অগোছালো পড়ে থাকতো বই, জামাকাপড় থেকে শুরু করে বুবুর জন্য একাকী কান্না... হেরে যাওয়া, হারিয়ে যাওয়া আর ওলোট পালট সব কিছু। তখন বুঝতাম বাড়ি সকলের, আর ঘর শুধু আমার।
সপ্তম শ্রেণীতে ভর্তি হই ক্যাডেট কলেজে। পড়ি স্কুলের ক্লাস সেভেনে কিন্তু আমি ছাত্র কলেজের! সেখানে না ছিল বাড়ি আর না ঘর-ছিল শুধু কঠিন নিয়মের বেড়াজাল! পড়ায় ডিসিপ্লিন, খাওয়ায় ডিসিপ্লিন, খেলায় ডিসিপ্লিন এমনকি ঘুমানোতেও ডিসিপ্লিন।লেফট রাইট লেফট.... লেফট রাইট লেফট.... পিটি, ক্লাস, এসেম্বলি, রিডিং, গেম, ডাইনিং, প্রেয়ার, স্লিপিং সব কিছুর জন্যই আলাদা আলাদা ড্রেস। বেডরুম, বাথরুম, খেলার মাঠ কোনো কিছুই আমার নয়, সব আমাদের। সর্বত্রই য়্যাটেনশন আর 'সিংগেল লাইন ফলিং'-আরো কতো কী! কিন্তু কিছুই যেন নিজের নয়।
বিশ্ববিদ্যালয় জীবন সম্পুর্ণ উন্মুক্ত- "কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা"! কিন্তু জীবন আমার, ভালো মন্দ আমাকেই বেছে নিতে হয়। এখানে কেউ অবিভাবক নেই, নিজেই নিজের অবিভাবকত্বে বিশ্ববিদ্যালয় জীবন শেষে কর্ম জীবন। পেশাগত জীবনের কমবেশি সাফল্যের ধারাবাহিকতায় নিজেরই একটা বাড়ি হলো। পৈত্রিক বাড়ি ছেড়ে নিজের বাড়িতে...
সব কিছুই নতুন।
নিজের সংসার।
শুধু আমিই পুরাতন।
আবার বাড়ি ভেংগে ফ্ল্যাট বাড়ি। একই বিল্ডিংয়ে বিভিন্ন জেলার মানুষ - সবাই মালিক। কেউ কারোর নয়, আবার সবাই সবার! যার যার বন্ধ দড়জার ভিতরেই যার যার জগৎ সংসারের মধ্যেই এক নতুন কসমোপলিটান লাইফ।
দেখতে দেখতে কেটে গেছে অনেক সময়।
বদলে গেছে সবকিছু। বদলে গেছে আমার ঘর, আমার বাড়ি....
সারমর্মঃ কোনো কিছুই আমার নয়....এই জীবনে কিছুই নিজের নয়, কেউ কারোও নয়। কেবল নিজেই নিজের।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


