বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়, যেখানে চারপাশের সবাই কথা বলে, অথচ তার নিজের অনুভূতি প্রকাশে মুখের ভাষা নাই। অজস্র মানুষের ভিড়েও সে একা।
আমার ছোট চাচার বাড়িতে গৃহকর্মে সহায়তা করে ২০-২২ বছর বয়সী একটি ছেলে। সম্ভবত দশ বছরেরও বেশি সময় ধরে সে এই বাড়িতে আছে। ছেলেটি আমাদের বংশেরই দূরসম্পর্কের এক দরিদ্র আত্মীয়। তার বাবাকে চিনি; তিনি চাচার গ্রামের বাড়ির কেয়ার টেকার।
আমার অন্তর্মুখী স্বভাবের কারণে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়া খুব কম হয়। দুই-এক বছর পর চাচার বাড়িতে গেলেও ছেলেটির সঙ্গে কখনো কুশল বিনিময় হয়নি। কয়েক দিন আগে অসুস্থ চাচীকে দেখতে গিয়েছিলাম। চাচীর সঙ্গে কথা বলার সময় ছেলেটি আমাকে সালাম দিয়ে হেসে চলে গেল। চাচী তাকে দেখিয়ে বললেন, ও তোফাজ্জলের ছেলে। কথা বলতে পারে না, কিন্তু খুব বুদ্ধিমান। সবকিছু দ্রুত বুঝতে পারে।
ফেরার সময় সিঁড়ি দিয়ে নিচে নামছি। ছেলেটিও আমার সঙ্গে- বাড়ি ও মূল ফটক খুলে দেওয়ার জন্য।
আমরা পাশাপাশি সিঁড়ি দিয়ে নামছি। হঠাৎই আমার চোখে অন্ধকার নেমে এল। সম্পূর্ণ ব্ল্যাকআউট! কিছুই দেখতে পাচ্ছি না, শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। কীভাবে সিঁড়ি দিয়ে নেমেছি, কিছুই মনে নেই। কয়েক মুহূর্ত পর যখন চেতনা ফিরে এল, নিজেকে আবিষ্কার করি- সিঁড়ির শেষ ধাপে বসা অবস্থায়। ছেলেটি আমাকে জড়িয়ে ধরে বসে আছে।
দুই-তিন মিনিট পর কিছুটা স্বাভাবিক হলে উঠে দাঁড়ানোর চেষ্টা করলাম। ছেলেটি হাতের ইশারায় আমাকে বসে থাকতে বলল। ওর চোখেমুখে ভাষা- 'এখনই উঠবেন না, একটু অপেক্ষা করুন'।
বছর যাবত- আমার Spinal Stenosis এবং Syncope অর্থাৎ হঠাৎ কিছুক্ষণের জন্য জ্ঞান হারানোর সমস্যা আছে। শরীরের ওপর তখনো আমার নিয়ন্ত্রণ ফিরেনি। ছেলেটির সহায়তায় ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বাড়ির বাইরে একটি সিএনজি পেলাম। সে আমাকে সিএনজিতে উঠতে সাহায্য করল। তারপর হাতের ইশারা আর চোখের ভাষায় জানতে চাইল- আমি ঠিক আছি তো? যেতে পারব তো?
সিএনজি চলতে শুরু করছে....
ছেলেটির নাম কী- জানি না। কিন্তু নাম থাকা না থাকায় কি হবে- নাম ধরে ডাকলেও তো সে শুনতে পাবে না! এই উপলব্ধিটুকুও তখন আমার মনে এক অদ্ভুত বিষণ্নতা তৈরি করল।
সিএনজি স্টার্ট হতেই ছেলেটি গাড়ির সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে। হয়তো নিশ্চিত হতে চাইছে, আমি ঠিকমতো যেতে পারছি কি না। একসময় সিএনজির গতি বেড়ে গেল। সে আর দৌড়াতে পারল না। দাঁড়িয়ে অপলক তাকিয়ে রইল আমার দিকে। সেই দৃষ্টিতে কী ছিল, আমি জানি না। কিন্তু দৃশ্যটি এখনো আমার চোখে ভাসে।
আগেও আমাদের দেখা হয়েছে, অথচ কোনোদিন ওর সঙ্গে মানুষের মতো করে পরিচিত হওয়ার প্রয়োজন অনুভব করিনি। নাম জানতে চাইনি। অথচ কোনো কথা না বলেই ছেলেটি আমার জন্য যা করেছে, তা হয়তো অনেক কথাবলা মানুষও করত না।
আমরা প্রায়ই মানুষের মুখের ভাষা শুনে তার অনুভূতি বোঝার চেষ্টা করি। অথচ অনুভূতি প্রকাশের জন্য শব্দের প্রয়োজন সবসময় হয় না। কখনো একটি হাতের স্পর্শ, সতর্ক ইশারা কিংবা দূরে চলে যাওয়া গাড়ির পেছনে কয়েক পা দৌড়ে যাওয়াই অনেক গভীর মমতার প্রকাশ হয়ে ওঠে।
সেদিন আমার বিপদের মুহূর্তে যে বাক প্রতিবন্ধী ছেলেটা আমার পাশে ছিল। আমি তাকে ধন্যবাদও জানাতে পারিনি।
কিন্তু তার মুখটি মনে আছে। মনে আছে, সিএনজির পেছনে সেই দৌড়, আর থেমে গিয়ে অপলক তাকিয়ে থাকা।
পৃথিবীতে অনেক মানুষ কথা বলতে পারে, কিন্তু কতজন মানুষের বিপদে এভাবে নীরবে পাশে দাঁড়াতে পারে?
আসলে মানুষ বোবা হতে পারে, কিন্তু তার বিবেক, মমতা বোবা নয়। বরং কখনো কখনো কিছু মানুষের কথা না বলেই এমন ভাষায় ভালোবাসা প্রকাশ করে, যা আমাদের সমস্ত শব্দের চেয়েও অনেক বেশি অর্থবহ।
কিছু কান্নার শব্দ হয় না। কিছু ভালোবাসারও ভাষা হয় না।
সেদিন সেই নীরবতার কাছেই আমি ঋণী হয়ে রইলাম।
নাম না জানা বাক প্রতিবন্ধী সেই ছেলেটা, তোমার সেই নীরব মমতা কোনোদিন ভুলব না।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


