আমার 'দুলু'র মুখ দেখি আজ বাংলার ঘরে ঘরে
শ্বেতবাসা, আর শূন্য দু'হাত নয়নে অশ্রু ঝরে
বুকে করে সন্তানে
যাপিছে দিবস রাত্রি, কি করে সে কথা ওরাই জানে।
দেউটি নিভেছে, নীড় হারা পাখী, পক্ষী মাতার মতো
দু'বাহু প্রসারিত আঙুলিতে চাহে দামাল দুলালে যত,
ওরা তা মানে না, বক্ষে ওদের জ্বলিছে ক্ষুব্ধানল
পিতৃহারা যে করেছে মোদের কোথা সে দানব দল,
একবার দেখি! গোপনে যে ভীরু সরীসৃপসম এসে
লক্ষ প্রাণেরে ছোবল মারিয়া বিবরে লুকালো শেষে
একটি ছোবল বিনিময়ে চাহে শতেক আঘাত হানি
বিদারিয়া দিতে ক্রুর দানবে পাষাণ বক্ষখানি
অশ্রু নিবারি রক্ত চক্ষু ওরা চাহে প্রতিশোধ
ওদের মনের দাবাগ্নিজ্বালা কে করিবে প্রতিরোধ
অভাগিনী মাতো সকাতরে চাহে আবরি রাখিতে তারে
এখন গোপন শত্রুর দল হানা দিয়ে বারে বারে
পরাজিত-বিদ্বেষে
রক্তের স্রোত বহাইতে চাহে সোনার বাংলাদেশে।
ঘৃণ্য নির্লজ্জ অধম দানব নিস্ফল আক্রোশে
পথে বাহিরায় সারমেয়সম ক্ষুধিত উদরে এসে।
ঘৃণা ভরে কেহ মারে না ওদেরে, শহীদ শোণিতে পূত
এ মাটির প'রে যেন ওই পাপ রক্তের স্রোতাপ্লুত
বহে না, ঘৃণা কলুস কালিমা লিপ্ত দানব দেহ
এ মাটিতে পড়ে কলুষিত করে চাহে না তা আর কেহ
তাই আজ মুছি অশ্রুর ধারা সন্তানহীন মাতা
জয়ে, গৌরবে প্রার্থনা করে ওগো দাতা ওগো ত্রাতা
সুন্দর কর মহামহীয়ান করে এ বাংলাদেশ
এই মুছিলাম অশ্রুর ধারা দু:খের হউক শেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



