শরীরী ভালোবাসায় অবসাদ ঝরে,
দূর্বিসহ জতুগৃহে বসবাস যথা-
মননশীলতা চাই অন্তরে অন্তরে,
কাব্যময়তায় খুঁজি নিতি সুন্দরতা।
অদৃশ্য বন্ধু আমার ধ্রুবক নিশানা,
কালের বিবর্ণ পুষ্প ঝরিছে ভূতলে;
খুঁজে ফিরি অকারণ অন্তর ঠিকানা,
সে-ই এক মায়ামৃগ বেদনার ছলে।
সময়ের যাত্রী আমি হাটি নিরন্তর,
বক্ষপুরে তুলে রাখি অনল চাতাল;
লাশের ভিড়ের মাঝে হবো যে খবর,
কর্পুর গন্ধ ছড়াবো মর্তে ক্ষণকাল।
এই আমি রেখে যাই শেষ পদচ্ছাপ;
দুঃখময় চেতনার করুণ বিলাপ।
২৭/০১/২০১৩
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



