সোনার বাংলাদেশখানি ভাই কারোর দানে পাওয়া নয়,
রক্ত-দামে কিনছি তারে জানেন সবাই বিশ্বময়।
রক্ত দিছি নদী নদী
সাগর সাগর জন্মাবধি
অবশেষে, একাত্তরের ডিসেম্বরে নিজের হয়;
আমার সোনার দেশখানি ভাই কারোর দানে পাওয়া নয়।
কতো মায়ের-বোনের শরম লুটে নিলো হায়েনায়,
কতো ভাইয়ে রক্ত দিলো রণাঙ্গনের মাঠে, হায়!
শান্তিপ্রিয় মায়ের ছেলে
যুদ্ধ করে দলে দলে
ভয়কে তারা অবহেলে বিজয় আনে নিজ মুঠায়;
তিরিশ লক্ষ পরান গেলো একাত্তরের যুদ্ধে, হায়!
শত্রুর বুকে আঘাত হানার শক্তি আছে বাঙালির,
ভয় করে না মরণ বরণ, তারা যে ভাই জগৎ-বীর!
হিন্দু-মুসলিম বৌদ্ধ-খৃষ্টান
সকলে এই দেশের প্রাণ
প্রয়োজনে রক্ত বিলায় উচ্চে রাখতে মায়ের শির;
শত্রুর বুকে আঘাত হানার শক্তি আছে বাঙালির।
রক্তে কেনা বাংলা আমার নয়তো রে ভাই কারোর দান,
তারই মুখেই লাত্থি মারি করতে যে চায় অপমান।
পাঁজর দিয়ে দুর্গ গড়ি
বীরের মতোন যুদ্ধে মরি
লাল-সবুজের সোনার বাংলা চেতনাতে মা'র সমান;
দেশখানি ভাই শেখ মুজিবুর মহান জাতির পিতার দান।
১৫/১২/২০২০
মিরপুর, ঢাকা

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


