বাড়ী যেতে পারিনি এবার ঈদে, আমার আক্ষেপ তো আছেই, সেই সাথে মায়ের খুব আক্ষেপ। অবশ্য সব মায়েরা এমনই হয়। কেন যেতে পারলাম না তার বিষদ ব্যাখ্যা দাঁড় করানো কঠিন আজকের এই শহুরে যান্ত্রিকতার হুটো হুটির মাঝে বাস করে। যাই-ই বলি না কেন, এবারের ঈদটা কেমন যেন পানসে হয়ে গেল। কোথায় যেন কে বলেছিল, মানুষ শুধু বাবা মা'র সাথে দেখা করতে এতো ঝক্কি ঝামেলা ঠেলে ঈদ করতে বাড়ি ফেরে না। মা-বাবা, আত্মীয় স্বজন এর সাথে আরও আছে , তার চেনা পথ, গাছ , তার শৈশব স্মৃতি মাখা উঠোন, গলি, বিল , ডাঙা, ক্ষেত, সব সবকিছু। আজ আমার তো তাই মনে হচ্ছে, এগুলো মা বাবা'র চেয়ে কোন অংশে কম নয়।
আমার অতিবও প্রিয় মগরা বিল আমায় খুব মিস করছে, সেটা আমিও টের পাচ্ছি, কারণ আমিও তোমায় না দেখার বিরহে কাতর। বাড়ীর ওঠোনে মস্ত শিমুল গাছটা - দূর থেকে তোমার দিকে আগে চোখ ফেলি- ঠিক তুমিও। যেন প্রিয়জনের অপেক্ষার তৃষিত চোখ। আর বাবলা গাছ তোমার রাঙা ফুল এবার আমার দেখা হলনা, পরেরবার আসলে তুমি সাজবে তো ? বাড়ীর নিচের ডাঙাতে সবজি ফসল ভরা , পটল, ঢেড়স, চিচিঙঙা, কাকরুল, লাউয়ের মাচা, ঝিঙে, স্যাত স্যাতে সরু আলপথ আর সবথেকে প্রিয় ভেজা মাটির আঁশাটে গন্ধ ভরা দমকা বাতাস। পৃথিবীর কোথাও মিলবে কি এমন বুক জুড়ানো বাতাস?
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




