


অধরা ট্যাওফোলা
আলোকের ছোঁয়ায় আমাকে ধন্য করো। কার যেন নূপুরের শব্দে আমার সারাদিন বয়ে যায়। কার আসার পথ চেয়ে থাকে এ হৃদয় সারাবেলা। সেকি তুমি নও, সেকি তুমি নও? ইদানিং কোথায় যেন কি একটা ঘটতে চলেছে, যা অনুভব করতে পারি, বুঝতে পারি-না কিছুই তার। শুধু আলো আর আঁধারীর খেলা চলে কীর্তনখোলার বাঁকে বাঁকে। দূরে বহুদূরে শূন্য হাতে ছুটে চলি একটুকরো অজানা সুখের আশায়। এই দেখি সকলই আছে আমার কাছে, আবার ধরতে গেলে কিছুই পাই না। বার বার একই বৃত্তের বুকে ঘুরে ঘুরে মরা। আমার ঠিকানায় তার আগমন আশায় বসে আছি। কেমন আছো?
দিনের পরে দিন সাজিয়ে রাখি শুধু তোমার জন্য। রাতের আঁধারে মুখ লুকিয়ে কাঁদি শুধু তোমার জন্য। কেন জানি তোমাকে কিছুই বোঝাতে পারি না। বারে বারে শুধু ভুল আর ভুল হয়ে চলেছে সবকিছুতে। এলোমেলো এতসবের শেষ কোথায় তা আমার জানা নেই। তাই একে একে সব ছেড়ে, জনতার মুখরতা ছেড়ে নির্জন একা হতে চলেছি আমি। হয়তো কোনদিন ফিরতে পারবো অথবা না। নিজের তৈরি জালে জটিলভাবে জড়িয়ে পড়ছি আর ভাবছি সেই দিন কবে আসবে, যে দিন এ ধরণীর সবচেয়ে মূল্যবান প্রিয়তার ছোঁয়া পাব আমি। হয়তো এটুকু পাওয়ার অধিকারও আমার নেই। তবু অসম্ভব সব চাওয়া আমার বুকের গভীরে বাসা বাঁধতে শুরু করেছে। কেন এমন হলো কেউ কি বলতে পারে আমায়? একদিন ঠিকই কষ্টেরা আসে হিমালয় সম দুঃখের বোঝা হাতে। শেষ হয়ে যায় সবকিছু, অবশিষ্ট থাকে শুধু আদিম এক হতাশা। মেঘের দেশে বাস করে একাকী পলাতকা আমার চেনা কোন হরিণী। যার নিকট চির বন্দী আমার সুখের অসুখ। এভাবে আর কত? হয় শেষ হয়ে যেতে হবে চিরতরে নইলে বাঁচতে হবে বীরের বেশে। এর বেশি ভাববার শক্তি আমার নেই।
এতদিন শুধু শুনেছিলাম যে, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়। আর আজকে সত্যি হয়ে ধরা দিল তা আমার জীবনে। সত্য অথবা মিথ্যা যাই হোক তা নিয়ে আমার তেমন কোন মাথা ব্যথা নেই। কষ্ট পেয়েছি শুধু এই জেনে গতানুগতিক সীমানার বাইরে আসতে পারে না কেউ কোনদিন। পৃথিবীর কোন কিছুই চিরদিনের নয়, সব কিছুই একদিন শেষ হয়। পার্থক্য এইটুকু মাত্র দু’দিন আগে আর পরে। এই কথা যেদিন জেনেছি সেদিনই ভাবনার ঘরে তালা দিয়ে দূরে কোথায় ছুঁড়ে ফেলেছি চাবিখানা। পরিবর্তনের ছোঁয়ায় নিজেকে সাজাতে চেয়েছি অন্যভাবে। জানি না তার কতটুকু সফল হতে পেরেছি। পারি আর না পারি তা নিয়ে আমার কোন চিন্তা নেই। মেঘের কাছে জল চেয়ে কান্নার চেয়ে হাতের কাছে যা আছে তাই নিয়ে সুখি হওয়াটাই শ্রেয়। তাকে দেখার অনেক সাধ জেগেছিল হয়তো কখনো কখনো মনের গভীরে। এমনই কপাল সাধ আমার সাধই থেকে গেল পূর্ণতা পেল না কোনদিন। অচেনা-অজানা কোনদিনের এলোমেলো ঠিকানায় দাঁড়িয়ে আমার সকল অনুভূতি ভিখারীর মতন চেয়ে থাকে পথের শেষ সীমানার ভিতর। ভাল লাগলো সে ভাল ছিলো জানতে পেরে। হাজার জনতার ভীড়ে আমি একজন অতি সামান্য, কি-ই বা মূল্য আছে আমার, যে কেউ মনে রাখবে বা মনে করবে। দেখে দেখে আমিও শিখেছি অনেক, ব্যর্থতা শুধু পারি না সেই মত চলতে।
একদিন আসতে চেয়েছিলো সে আমার ঠিকানায়, জানি না কি দোষে আবার পেলাম সাজা। অনেক কিছুই কারণ হিসাবে দাঁড় করাতে পারবে জানি, তাই কারণ জানতে চাইব না। তবে অনেক আশা করেছিলাম তার ছোট ছোট প্রতিশ্রুতিতে। যাহোক ভাবনা আর সত্য দুইয়ের মধ্যে অনেক ব্যবধান বুঝতে শিখলাম অবশেষে। আজ আর নতুন করে কিছু হারাবার নেই, যা হারাবার তা অনেক দিন আগেই হারিয়েছে দূর অজানা পথের সীমানায়।
অনেক কথা বলার ছিল আমার, বলতে পারি নাই যার কিছুই। কাজের ব্যস্ততায় জড়িয়ে ছিলাম, যে কারণে লোকের সন্ধানী চোখকে দিতে পারিনি ফাঁকি। তাই বলতে চেয়েও বলতে পারলাম না, এ আমার ব্যর্থতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


