তোমাকে যদি বলি একটা ছবি আঁকো
ক্যানভাস সাজিয়ে একটু রঙ ছিটাও, আঁকবে?
যদি বলি ডাকপিয়নের কাছে আমার জন্য একটি চিঠি লিখো
মাত্রা ছাড়া তোমার হস্তলিপির মাত্রা দিব
সবুজ শাড়ি পরে বারান্দার বাইরে এসো
যদি বলি স্পর্শ করো হাত ধরো, কাছে এসে বসো, বসবে?
শীতলশরীরে একটু আগুন দাও, পুড়ে যাবার বড্ড খায়েশ আমার।
তোমাকে যদি ডাকি বিকেলবেলায়
সূর্যাস্তের পূর্বসময়ে, আকাশের পূর্বকোন থেকে
তুমি কি ফিরবে ওবেলায়?
ঘাসফুলের মেলা দেখতে যাব রঙিন সন্ধ্যায়
তোমাকে যদি বলি লাল হও, সূর্য হয়ে রোজ রোজ এসো
হেঁটে হেঁটে হলুদ হও—সন্ধ্যার মতো
অন্ধকারে কবিতা হও, রাতগভীরে আমাকে একবার ডেকো, ডাকবে?
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




