চোখে চোখে একবার চোখ পড়বে
লজ্জায় চোখ নামিয়ে নেব দুজনে
এই চোখে একবার চোখ পড়বে বলে আমি এসেছি
হেঁটে হেঁটে ছয়শ ছিয়াত্তর মাইল এসেছি এখানে
আপনার কুড়েঘরের দরজার সামনে
বঙ্গপোসাগরের পথে বৃক্ষের সঙ্গে কথা বলতে বলতে
চৌরাস্তায় মানুষের ধাক্কা খেয়ে, লোকাল বাসের ছাদের উপরে
হাজার হাজার রাত জেগে এসেছি এই চোখের কাছে
কেমন আছেন—একবাক্যের জিজ্ঞাসা
আপনি স্তব্ধ হয়ে চেয়ে আছেন আমার ছেঁড়া স্যান্ডেলে
কী মায়াবী চোখ, কী ভ্রু, কী ঠোঁট
আমার কান্না পায়, বড্ড আপন মনে হয়
আড়াইশো বছর আগের আমাদের দুরন্ত প্রেমালাপ মনে পড়ে যায়
দুচোখ বন্ধ করে সমুদ্রে ভেসে গিয়েছিলাম কত কত রাত
আমাদের আকাশে তো কোনো মেঘ ছিল না
ঈগলের মত উড়ে গিয়েছি সপ্তাকাশে
গভীর রাতে যখন ঝুম বৃষ্টি হতো, আমরা ভিজতাম
আজ আপনার চোখে অপলক দেখেছি ওইসব বৃষ্টিরাত
আমি শুধু এ চোখ দেখতেই হেঁটে এসেছি ছয়শ ছিয়াত্তোর মাইল
ধীরে ধীরে চোখের সামনে ভাসছে পুরনো সব প্রেম
ভুলে যেতে যেতে কতদিন, কতরাত গেল
আমাদের তো আর কোথাও দেখা হবার কথা ছিল না
কোনো সন্ধ্যায় এভাবে তাকিয়ে থাকার কথা ছিল না
সময়ের আঘাতে আমরা দুজন ঠাঁয় দাঁড়িয়ে আছি
ইতিহাস গড়তে হেঁটে এসেছি ছয়শ ছিয়াত্তর মাইল
এই হলুদ সন্ধ্যাবেলায় নিঃশব্দে দু’চোখের আড়ালে কতটা সময় পেরুলো?
মুহূরতে পার হয়ে যাচ্ছে একেকটা শতক
স্যান্ডেল থেকে আপনার চোখ এখন সম্ভবত আমার কাঁধ বরাবর
লজ্জায় চোখ পড়ে না আর চোখে
আমার পলকবিহীন দৃষ্টি ঘুমিয়ে আপনার কাছে
ক্রমশ হলদে আকাশ কালো হয়ে আসছে
মিলিয়ে যাচ্ছি অগভীর চোখের ভেতর
আরও একবার চোখে চোখ পড়বে বলে আমি হেঁটে এসেছি ছয়শ ছিয়াত্তর মাইল
১৮.০৯.১৫
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




