
তুমি বরং নির্বাসনেই থাকো
বেশ আছি আজকাল--বয়সী বৃক্ষের মতো
তুমি তো বিহঙ্গিনী, দু-দণ্ড জিরিয়ে গ্যাছো জীবনের ডালে!
পাখিতো এমনই হয়
আপন শাখায় বসে দ্যাখে সে অন্য ফুল, অন্য সমুদ্র এক
হৃদয়ের পরিভাষা?
সে আর ক'জন জানে--
প্লাবনের পরাজয়ে যে দাগ মুছে গ্যাছে সকালের রোদে।
তুমি বরং ভ্রমণ করো
স্মৃতি থেকে ভবিষ্যৎ--মানুষের ভিড় নিয়ে নিখুঁত শরীরে
প্রথম চুম্বনের ক্ষতে এখন সময়ের গাঢ় লিপিস্টিক
তবু মনে পড়ে?
রাত্রি নিকটে এলে, কিছু জল আমারও থাকে--দুঃখ জাগানিয়া
গভীর শেকড়গুলো এখনও নিংড়ে দেখি
দেখি দূর-ভ্রমণীয় চোখ--নিজস্ব এপিটাফ
"পথিক, এইখানে প্রেম ছিল, এই পথে সে গ্যাছে
অবাক মৃত্যুরে নিয়া"
আকাশরঙা পালকে লুকিয়ে রাখো তোমার অবশিষ্ট প্রেম
সমুদয় দেহসৌষ্ঠব
সোনালি রোদ আসে, শিলার সজীবতাহীন
তবু প্রাচীন পুঁথির মতো
কেন এখনও চিনে রাখি কবেকার কুমারী সৌরভ?
সবুজাভ পাতারা এলে, শাখায়ও বসন্ত আসে, যদিও অন্য প্রেমিক
না পেয়ে যতটা মানুষ বেদনাকে ভালোবাসে, পেয়ে বুঝি তারচেয়ে অধিক?
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




