
দুঃখ পুড়িয়ে সিগারেটে জ্বালাই হিম অন্ধকার
অথচ আমি কখনই বিষাদপন্থী ছিলাম না!
আমার কন্ঠস্বর ছিল অপেক্ষাকৃত কোমল
পরিযায়ী পাখিরা যেমন দূরত্ব রাখে সৌন্দর্যের।
মানুষের গভীর চোখে কতটা বিশ্লেষিত হলে তুমি
সে দায় কবির নয়,
কেবল মারিজুয়ানায় ডুবে গেলে বুঝতে পারি
তোমার নাম একটি কবিতা, চুমু তার প্রধানতম শিল্প!
তোমার হাতে একশত আট'টি গোলাপ
সেখানে মেশকের সুগন্ধ
তুমি সেই পবিত্র চারণভুমি
আমি তার এক দুর্লভ দুর্বাঘাস!
তোমার চোখ--
সেখানে পৃথিবীর সুন্দরতম মৃত্যু
আমি তাতে ডুবে যাই প্রতিদিন
অথচ আমি কখনই 'মায়াকোভস্কি' হতে চাইনি!
মানুষের হৃদয় নিয়ে হেঁটেছি যতটা পথ
চিরকাল খুঁজেছি উচ্চারণযোগ্য শব্দ
মূলত সমাধানযোগ্য হৃদয়;
তোমার শরীর নিয়ে একটা মহাকাব্য হতে পারতো
পৃথিবীর পবিত্রতম রাতে--
আমরাই হতে পারতাম প্রণয়ের শ্রেষ্ঠতম উদাহরণ।
আমি কখনই ভ্রমন পিপাসু ছিলাম না
অথচ তোমার চোখে তাকালেই বলে ফেলি--
'এখানে এসেছি বহুবার'!
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




