
সুন্দরী মেয়েদের নিজস্ব মহাকর্ষ ক্ষমতা বিদ্যমান
গভীর শীতকাল এলে যেমন শরীরের উপস্থিতি গৌণ হয়ে ওঠে
সুভা, আমি আপনার ব্যাক্তিগত সন্ধ্যা হতে চেয়েছিলাম।
যদি দ্যাখা হয়, যদি হৃদয়ে সমুদ্র নিয়ে আসি--আপনি ফিরিয়ে দেবেন?
মানুষের নিজস্ব দর্শন নিয়ে আমরা হেঁটে গেছি একা
যদিও ঘাস-সবুজে লেগে থাকে একই পদচিহ্ন
সূর্যের বয়ঃসন্ধিকাল এলে রক্তজবা শাড়িতে আপনি উজ্জ্বল হয়ে ওঠেন আরও
টং দোকান থেকে টিএসসির মোড়
হেটে গেলেই গোলাপের মিছিল
রোদচশমা খুলবেন না--প্রেমে পড়ে যাবো!
সিগারেটের উদ্দেশ্যহীন ধোঁয়া জানে না তার মৃত্যুরহস্য
আমিও পথ চিনি না তাই, আপনিই আমার শেষ গন্তব্য;
যুদ্ধের ভয়াবহতা আমি জানি
যদিও লোকে বলে ভালোবাসা সেই শাদা পাখির পালক
যে মৃত্যুকে সহজ করে তোলে!
আপনি শুনে থাকবেন নিশ্চয়ই, গত শীতে মরে গিয়েছিল যে প্রেমিক
সে এখন শুধুই কবি
স্তব করেন মানুষের এবং আপনার।
যারা প্রার্থনা করেন প্রেম
আমি তাদের মতো নেই
কেবল আপনাকে দেখলেই আমি ভেঙে পড়ি পাঁচ পয়সার মোমের মতো
যমুনার ভঙ্গুর মাটির মতো
ওহ প্রিয়, আমি ঘৃণা করি চলে যেতে!
আমাকে জড়িয়ে ধরুন, যেন দূরত্ব বলে কিছু ছিল না
আমাকে কথা দিন, যেন নদীরা চিরকাল দ্যাখা পায় সমুদ্রের
আমাকে ভালোবাসুন এভাবে, যেন মন্দাক্রান্ত পৃথিবীতে ক্ষুধা ছিল না কোনদিন!
কিছুদূর হাটলেই স্বর্গের ট্রেন
মূলত আমার কবিতা।
আপনি কবিতা ভালোবাসেন?
মানুষকে?
আপনাকে নিয়ে একটা দীর্ঘকবিতা আছে আমার
আছে দীর্ঘভ্রমণ।
বহুকাল ধরে একই পথে আমরা শুনিয়েছি জীবনের গান
মৃত্যুর মতো মহৎ!
যে বালিকা মরে গেল তার প্রেমিকের হৃদয়ে
অমরত্বের কৌশল তার চেয়ে ভালো আর কে জানে?
যে কবি মরে গেল প্রেমিকাহীন
মেয়েদের প্রকৃত হৃদয় এর বেশি কলঙ্ক পায়নি কোনদিন!
আপনি হাত রাখলেই রাজপথ কেঁপে উঠবে অঘোষিত মানববন্ধনে
আপনি তাকালেই বেলিফুলের তীব্র সুবাস
রক্তে-হৃদয়ে ভয়াবহ ক্যান্সার
দুটো এন্টিসেপটিক চুমু, যেন এতটা সুস্থতা মানুষের নয়।
গুপ্তধনের মতো আপনাকে খুঁড়ে চলেছি যাবতজীবন
আপনার কপাল একটা শহর
চোখ যেন প্রিয় নদী, বয়ে গেছে বুকের সমান্তরাল;
যদিও আমি কবি হয়ে উঠতে পারিনি আজো
যেহেতু আপনি আমার স্বীকৃতি!
আমাদের দ্যাখা হয়নি কোনদিন
এখনও পবিত্র হয়ে ওঠেনি পথ
কেবলই আপনার চুলের অন্ধকার, ক্রমশ গভীর
যেন মহাকাল--
সুভা;
যদি দ্যাখা হয়, যদি হৃদয়ে সমুদ্র নিয়ে আসি--আপনি ফিরিয়ে দেবেন?
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




