আজ জুমাবার। মুঠোফোনের শব্দে ঘুম ভাঙলো। ফোন রিসিভ করতে না করতেই লাইন কেটে গেলো। বুঝলাম, এটি মিসড কল। কল ব্যক করলাম।
ঢাকা থেকে ফোন করছে আমার বিশ্ববিদ্যালয় জীবনের তুখোড় মেধাবী বন্ধু শওকত। বিসিএস শিক্ষা ক্যাডারে পাশ করে এখন এক সরকারী কলেজে ইংরেজী পড়ায়।
ওর দুঃখের আর শেষ নাই। বেতনের টাকায় সংসার চলেনা। অনেক চেষ্টা করেও আমেরিকা আসতে পারছেনা। আমি যেন যেভাবেই পারি ওকে আমেরিকায় আসায় সাহায্য করি।
আমি দেশপ্রেমের কথা বললাম। বাংলার দিগন্ত বিস্তৃত সবুজ ধান ক্ষেতের কথা বললাম। সুজলা,সুফলা, শস্য, শ্যামলা, গিরি কুন্তলা, শ্যাম সুন্দর আবহমান বাংলার অপরুপ রুপের কথা বললাম। আরো বললাম-জীবনের শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কি হতে পারে?
বললাম- মনে নেই সেই কবিতার লাইন " বাঁচতে হলে লাঙল ধরো রে , আবার এসে গাঁয়।" আমরা যে বিদেশে এসে ভুল করেছি। বড় দুঃখী পরবাসী জীবন। দেশের কথা ভাবতেই ভাবতেই বিষাদ হয় মন।
ও বললো-আর এসব কথা বলিস না। আমাকে না তোদের খুব ভন্ড মনে হয়। এমনকি , যারা এসব কবিতার লাইন লিখেছে তাদেরও। সব কবি, সাহিত্যিকরাই শুধু গ্রাম, বাংলা, মাঝি , নদী , নৌকা, ধান ক্ষেত , দোয়েলের কথা বলে। কিন্তু কোনো শালারাই ঢাকা শহর ছাড়তে চায়না। ধানমন্ডি লেকের পাশে বসেই, শালিক আর হিজলের কথা বলে। আর সুযোগ পেলেই ইউরোপ, আমেরিকায় পালিয়ে যায়।
বন্ধুর দুঃখের আর দীর্ঘশ্বাসের মাঝে একসময় কথা শেষ হয়।
আমি আনুষঙগিক কাজ শেষ করে জুমার নামাজের উদ্দ্যেশে বের হয়ে পড়ি। এদেশেও জুমার নামাজে প্রচুর ভীড় হয়। পুরো মসজিদ কানায় কানায় ভর্তি হয়ে যায়। উল্টা-পাল্টা গাড়ীর পার্কিং হয়।মাঝে মাঝে ব্যাপারগুলো পুলিশ পর্যন্ত গড়ায়।
মসজিদে নিয়মিত যাওয়া হয়না। তাই বিশেষকরে জুমাবারে আমি নামাজ শেষ করেও অনেকক্ষণ চুপচাপ বসে থাকি। মসজিদের একাকি নির্জনতা, নীরবতা, ভাবগম্ভীর পরিবেশটা বড় বেশী ভালো লাগে। মনের অস্থিরতা দূর হয়।
মসজিদ থেকে বের হয় এলাম। দেখি পুরো পার্কিং লট ফাঁকা। ডঃ হুমায়ুন কবির ভাই আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। আমি উনার সাথে কথা বলছি। এমন সময় দেখি একজন লোক আমাদের দিকেই এগিয়ে আসছেন।
লোকটি নিজের পকেট থেকে একটা কাগজ বের করে আমাদের দিকে এগিয়ে দিয়ে একেবারে সিলেটের আন্চলিক ভাষায় জিগ্গাসা করলেন- কাগজে নজরুল ইসলাম নামক কারো নাম্বার লিখা আছে কিনা?
এবার আমি লোকটির দিকে ভালো করে নজর দিলাম। একেবারে বাংলার পল্লী গাঁয়ের হাড়ভাঙগা পরিশ্রম করে ঠিক এরকম চেহারা। যিনি ইংরেজি অক্ষরগুলো চিনেন না।
আমি কাগজ থেকে নজরুল ইসলামের নাম্বার টি বের করে দিলাম। বললাম- এটাই নজরুল ইসলামের নাম্বার।
এবার উনি বললেন-ভাই আমাকে নাম্বারটি একটি ধরিয়ে দেন।
আমি আমার ফোন থেকে নজরুল ইসলামের নাম্বারটি ডায়াল করে ফোনটা উনাকে দিলাম। উনি কথা শেষ করে বললেন- ভাই আমি এবার যাই।
এখান খুব কম লোককেই দেখা যায় হেঁটে চলাফেরা করতে। তাই আমি জিগ্গাসা করলাম- আপনি হেঁটে হেঁটে কোথায় যাবেন?
বললেন- উনি প্রায় তিন ঘন্টা হেঁটে মসজিদে নামাজ পড়তে এসেছেন।
আর নজরুল ইসলাম নামক ভদ্রলোকের কথা ছিলো উনাকে বাসায় পৌঁছে দিবেন। এখন নজরুল ইসলাম উনাকে ফেলেই চলে গেছেন।
আমি চিন্তা করলাম, আজ জুমাবার। আমার কোনো কাজ নেই। কোনো তাড়া নেই। উনাকে বললাম, আপনি আমার গাড়ীতে আসুন। আপনাকে বাড়ী পৌঁছে দেই।
গাড়ীতে বসে উনার সাথে নানারকমের আলাপ হলো। উনি নিজ থেকেই গল্প করা শুরু করলেন। ভদ্রলোকের নাম হলো- মনফর আলি।
৮ মাস হলো ইমিগ্রান্ট হয়ে আমেরিকায় এসেছেন। বাংলা খবরের কাগজ কোনো রকমে পড়তে পারেন। উনার ছেলেমেয়ে ৮ জন। ৪ছেলে ১ মেয়ে আর উনি একসাথে এসেছেন। স্পন্সরের ঘাটতি হওয়ায় ৩ ছেলেমেয়ে আর বউকে দেশে রেখে এসেছেন। উনি একটা বাংলাদেশী রেস্টুরেন্টে কিচেনে কাজ করেন। ছেলে মেয়ে ৫ জনকেই বিভিন্ন রেস্টুরেন্টে কাজে লাগিয়েছেন। এই ৮ মাসে দেশে পাঠিয়েছেন প্রায় ১১ লক্ষ টাকা।
উনাকে বাসায় নামিয়ে দিলাম। উনি বললেন, ভাই বাসায় আসুন- পান, সিগারেট খেয়ে যান। বলতে বলতেই উনি একটি সিগারেট ধরালেন। আমি বললাম, আমিতো ভাই পান সিগারেট খাইনা।
রাত প্রায় ১১ টা বাজে। আমি বসে বসে ইন্টারনেটে ব্রাউজ করছি। এমন সময় আমার অত্যন্ত প্রিয় অনেক শ্রদ্ধাভাজন এক বড়ভাই ফোন করলেন। পুরো পরিবার নিয়ে আছেন।
এতো বিনীত, বিনম্র ,সজ্জন মানুষ খুব কমই পাওয়া যায়। উনার আব্বা ছিলেন বাংলাদেশে জাজ। নিজেও উচ্চশিক্ষিত। বললেন- যেভাবেই হোক ৯০০ ডলার উনার একাউন্টে ট্রান্সফার করতে হবে, না হয় উনি এ মাসে রেন্ট দিতে পারবেন না।
রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করলাম- আমার মেধাবী বন্ধুটি কত চেষ্টা করছে আমেরিকা আসতে পারছেনা। এ দেশে একবার আসতে পারলেই যে সোনার হরিণ ধরা যাবে। আর আমার শ্রদ্ধাভাজন বড়ভাই, যার আব্বা ছিলেন বাংলাদেশের জাজ। যিনি নিজেও উচ্চশিক্ষিত। পুরো পরিবার নিয়ে সোনার হরিণের আশায় এ দেশে এসে যা আয় করেন তা দিয়ে কোনো রকমের টানা পোড়নের সংসার চালিয়ে যাচ্ছেন। আর অন্যদিকে অজ পাড়াগাঁয়ের বলতে গেলে একেবারে নিরক্ষর লোকটি এ দেশে এসে ৮ মাসেই পাঠিয়েছেন ১১ লক্ষ টাকা। সোনার পাহাড়তো সবে মাত্র খনন করা শুরু করেছেন।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



