আবহমান গ্রাম বাংলার গান হলো- ভাটিয়ালি , পল্লী বাউয়াইয়া ,জারি, সারি গান।যে গানের সাথে সুর করে মাছরাঙা ঝিকমিক করে উড়ে গিয়েছিলো একদিন প্রান্তরের পর প্রান্তর। কিন্তু এই গানের কদর দিন দিন কমতে লাগলো। শিল্পীদের আর কদর নেই।
একসময় চান্নী পূর্ণিমার ধবল রাতে গ্রামের মানুষ সারারাত জেগে এই গান শুনে মনের তৃষ্না মিটাতো।মধূকুপী ঘাস-ছাওয়া ধলেশ্বরীর পারের গৌরি বাংলায়, আঁচলে নাটার কথা ভুলে যাওয়া তিতাস পারের ভাটি বাংলায়, রুপশালী শিশিরের ঘ্রাণের সুরমা পারের ডুবজলা শালুকের বাংলায় শিল্পীদের কতো কদর ছিলো।আহা! আজ সেই শিল্পীরা নেই। শিল্পীদের সাথে নেই সেই বাজনদল। শিল্পীদের সাথে নেই লোকজ ঐত্যিহ্যের সেই নৃত্যদল। নেই ঢোলক,নেই বাদক। বুভুক্ষু শিল্পীরা দারিদ্র্যের কষাগাতে জর্জরিত। দিনের বেলায়ও জেগে থাকে তাদের বুকে রাত্রির এক দীর্ঘনিঃশ্বাসের আকাশ। যে আকাশে নেই কোনো রুপবতী পূর্ণিমা।
বাউলের মনের সাধ ক্লান্ত হয়ে মাছরাঙার সাথে ওড়ে গেছে যা আর ফিরে আসেনি। আজ দাপিয়ে বেড়ায় বুনো ষাঁড়ের মতো রক সংগীত,নাগরিক আকাশের নীলাভ নরম বুকে শুয়ে থাকে হিন্দি অর্ধনারীশ্বরের গান। চন্ডীডাশ নেই, রামপ্রাসাদের শ্যামা নেই, শঙখমালা নেই, চন্দ্রমালা নেই।নেই ভাটিয়ালি, মুর্শিদী, জারি, সারি, মারফতি।
এমন সময় হাজির হলেন এক দেবদূত।যিনি বাংলার ভাটিগানকে নিয়ে যাবেন আটলান্টিকের পারে। অসংখ্য নক্ষত্র নিয়ে হাজির হলেন ভাটিবাংলায় ক্লান্ত গাংশালিখের ভীড়ে। মৃত শত গানের কিশোরীর কণ্কনের স্বর ধ্বনিত হতে লাগলো। চারদিকে পড়ে গেলো রব রব। কে এই আশাজাগানিয়া দেবদূত। হারিয়ে যাওয়া লোকশিল্পীর এ যেন এক নীল শ্যামল বৃক্ষের বাঁশীওয়ালা। তার আগমনে বাতায়নের বাইরে যেন দোয়েল শিষ দিয়ে ওঠে।
জীবনান্দের মতো কেউ কেউ বলেন-"দেশবন্ধু আসিয়াছে খরধার পদ্মায় এবার।" এবার হারোনো শিল্প জাগবে।সংগীত প্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হবে আবারো। সুরমা, কুশিয়ারা, রুপসা, ধলেশ্বরি, তিতাসের ভাটিশিল্পীরা পুলকিত হলেন। সোনালি রোদ আলো জ্বালিয়েছে যেন পরিব্যস্ত বন্দরের এতোদিনের এক গুপ্ত অন্ধকারে।
কিন্তু কিছু ক্ষ্যাপা বাউল গর্জে ওঠলো। কারণ সংগীতের এই মহান দেবদূত তো কোনো শিল্পী না। সংগীতের যে ভাব লাগে এর মাঝে যে কোনো ভাব নেই, এতো ভাবের শিল্পী না। এতো ভারের শিল্পী।
আবার অনেকেই বললেন-শিল্পের মাঝে যে চন্দ্রগ্রহণ লেগেছে তা শেষ হয়ে যাক। এ দেবদূত যে ঘোর অন্ধকার লাগা গ্রহণ কাটাতে এসেছেন। গ্রহণ শেষহলে চন্দ্রালোকে আবারো গা ভাসানো যাবে।
শিল্পকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। দেবদূত একাই সব করছেন। হীরা, মনি ,মুক্তা, দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে। মৃত বাউল শিল্পের আজ এক পরম সুখের দিন। হারিয়ে যাওয়া গান আবার ফিরে আসছে। বৃদ্ধ বাউল গান, জরাগ্রস্থ বাওয়াইয়া গান, নানা রোগে জর্জরিত পল্লী জারি, সারি, মারফতি সবাই মন্চের পাশের চেয়ারে বসে আছেন। কী যে সুখের দিন তাদের। অনেকদিন পর আজ তারা আবারো প্রাণের গান গাইবেন। আহা! কতদিন এই গান নিজের বুকের ভিতর ঘুমিয়ে আছে।ঘুমিয়ে ঘুমিয়ে কেঁদেছে। সে দুঃখের অশ্রু যে কেউ দেখেনি।
এই মৃত সংগীতকে জাগানোর জন্য দেবদূত নিজের একক প্রচেষ্ঠায় কিনা করেছেন। অশ্লীল সংগীত আর বিদেশী পাগলা ষাঁড়ের দাপুটে সংগীতের রাহুগ্রাস থেকে নিজেই একাই ম্বত সংগীতের মুখে ঐশ্বর্য্যের শুধা ঢেলে দিয়েছেন। ওফ, মন মাতানো আকুল করা বাংলা মায়ের হারোনো সংগীত আজ যে নবজীবন লাভ করছে।
এবার শুরু হলেো অপেক্ষা। মন্চের চারপাশে সংগীত পাগল মানুষের জনস্রোত। দেবদূত নিজেই প্রথম গান গাইলেন। কোটি কোটি টাকা খরচ করে মুমুর্ষু শিল্পের মাঝে প্রাণের সন্চার করেছেন-উনিতো প্রথম গান গাইতেই পারেন। এরপরের গান, এরপরের গান, এরপরের গান একে একে সবই দেবদূত নিজেই গাইতে লাগলেন।
প্রাইমারি স্কুলের শিক্ষক আরিফ পাশ দিয়ে যাচ্ছিলেন। এতোদিন পর প্রিয় গানের আসর বসেছে। আহঃ মন দিয়ে শুনা যাবে। বালিহাঁস কেঁদে মরে গেছে কবে হৃদয়ের চরে।সেই মৃত বালিহাঁস আবারো জেগে ওঠছে।
কিন্তু, একি অবস্থা। গানের মূল শিল্পী কে? গানের সুর, লয়, উচ্চারণ কিছুইতো ঠিক নাই।
একসময় আরিফ সাহস করে বলেই ফেলে-
এই শিল্পীতো ভাই বাউল শিল্পী না। আসল শিল্পীরা সব বসে আছে। আর উনার গানের কথাও তো ঠিক না। এই যেমন- "আমার মাটির গাছে, লাউ ধইরাছে- এই টাকে উনি বলছেন- আমার মাটির গাছে, মেউ ধইরাছে।
লাউ আর মেউ তো ভাই এক জিনিস না।
পাশেই জ্যোতির্ময়ী - আসিফ নজরুল বসা ছিলেন। আরিফ উনার পিছনের চেয়ারে গিয়ে দাঁড়ায়। সময় সুযোগ হলে উনাকে একটা সালাম দেয়া যাবে।
উনার কানে কথাগুলো গেলো । দেবদূত মন্চে একের পর এক ভাটিয়ালি, বাওয়াইয়া, মারফতি, জারি, সারি সব কিছু গেয়েই চলছেন। উনার গায়ে হীরা খচিত জরির পোষাক জলমল করছে।
আসিফ স্যার, আরিফের কথাগুলো শুনে পিছনে ফিরে থাকালেন।তারপর বললেন- কথাগুলো কি আপনি বলেছেন?
আরিফ ভয়ে ভয়ে বলে-জ্বি স্যার ।আমি বলেছি। উনার উচ্চারন, সুর, গানের কথা কিছুইতো ঠিক নাই।
আপনার উচ্চারণ কি ঠিক আছে? এই যে আপনি এক লাইন কথা বললেন-এখানেই অনেক ভুল উচ্চারণ করলেন। এই যে মৃত সংগীতকে এই একটা লোক কোটি কোটি টাকা খরচ করে নব প্রেরণায় দেশের আনাচে কানাচে পৌঁছে দিচ্ছেন।সেই প্রশংসা আপনারা করলেন না। মানসিকতা আপনাদের উদার হলোনা। আর আপনি নিজেই বলেনতো -আপনি নিজে সংগীতের কি জানেন?
বেয়াদবি ক্ষমা নিবেন স্যার। আমার উচ্চারণ ভুল এটা আমি মানি। আমি স্যার কোনোদিনও গান গাইতে জানিনা। আমার কন্ঠে সে সুরও নেই।তাইতো আমি শিল্পী না। তবে ভুল উচ্চারনে হেঁড়ে গলায় অদ্ভুত ভাবে কেউ যদি গান গায়, সেটা কি স্যার আমি বুঝতে পারবোনা।সবাই শুদ্ধ উচ্চারণ করেনা, কিন্তু যে আবৃত্তি শিল্পী হয় তাকেতো স্যার শুদ্ধ উচ্চারণ করতে হয়। যে শিল্পী হয়, তাকে যে স্যার সুন্দর গান গাইতে হয়।আর না হয়, ভুলটা মেনে নিয়ে সংশোধনের চেষ্টা থাকতে হয়। স্বর্ণ দিয়ে বানানো খাঁচা,কিন্তু খাঁচার পাখী যদি ভালো গান না গায়। সে স্বর্ণের খাঁচার যে স্যার কোনো মূল্য নেই।
আসলে সমস্যা হলো-আপনারা বড়দের শ্রদ্ধা করতে পারেন না। গুনীর কদর করতে পারেন না। একটা লোক গান গাইছে- কোনো এপ্রিশিয়াশান নেই। শুধুই সমালোচনা। আপনারা আসলে উনাকে সহ্য করতে পারেন না।
এমন সময় সাড়াজাগানো দেবদূত শিল্পী- একটু বিরতিতে এসেছেন। সাংবাদিকরা উনাকে পেয়ে বসলেন। বললেন- আপনি " আমার মাটির গাছে লাউ ধইরাছে- কে বলেছেন- আমার মাটির গাছে মেও ধইরাছে। লাউ আর মেও তো এক জিনিস না। লাউ মানে হলো কদু আর মেও মানে হলো বিড়াল। গাছে বিড়াল ধরে কেমন করে?
শিল্পী একটু বিক্ষুদ্ধ হলেন- বললেন- কে বলেছে লাউ সঠিক। আর গাছ মাটির হয় কেমন করে। মাটির কোনো গাছ কি এই দুনিয়ায় দেখেছেন? আমি বাইরের শিল্পী বোদ্ধাদের কাছ থেকে অনেক শিখেছি। এটা কোনোদিন লাউ হবেনা, এটা মেও হবে মেও। আপনারা বেশী বুঝেন।
সৌরতেজে লীলায়িত হয়ে শিল্পী আবার ফিরে গেলেন মন্চে। একে একে গেয়ে চলেছেন তার নিজস্ব ঢংয়ে গান। মুহুর্তে মুহুর্তে সেই শিল্পীর গান হরিয়াল প্রান্তরের ঠিকানা পার হয়ে পৌঁছে যায় আটলান্টিকের পারে। এই প্রথম বাংলার কোনো শিল্পীর গান আন্তর্জালিক পাতায় আন্তর্জাতিক মাইলফলক স্পর্শ করে।
আর জীর্ণ শীর্ণ, রোগ জরা গ্রস্থ ভাটিয়ালি, মুর্শিদি, বাউয়াইয়া, পল্লিগীতি গানরা জৌলুসপূর্ণ মন্চের সামনে বসে থাকতে থাকতে একসময় নিস্তেজ হয়ে পড়ে। তাদের মন্চে ওঠার আর ডাক আসেনা।
সোনার খাঁচার দিকে চেয়ে থাকতে থাকতে স্কুল মাস্টার আরিফের হৃদয়ে জেগে ওঠা মূমুর্ষু সেই বালিহাঁস আবারো ঘুমিয়ে পড়ে।সেই বালিহাঁসের কান্না সোনা, মানিক , রত্ন খচিত মন্চে আর পৌঁছায় না।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




