১৯৯৮ সালে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি আর আমাদের বাসা ছিল মিরপুরে। সেখানে পাশের বাসায় মাহবুব নামের ৫/৬ বছরের একটি ছেলে ছিল। সে ছিল শান্ত আর ভদ্র টাইপের ছেলে। সে মাদ্রাসায় পড়তো। একদিন বিকেলে ছাদে হাটতে গিয়ে শুনলাম মাহবুব নাকি গত ৩দিন যাবত মাদ্রাসায় যাচ্ছে না!
মাহবুবের বাবা, মা, আত্মীয়-স্বজন সবাই চেষ্টা করেছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ছেলেটি নাকি ঠিক মতো ৩ বেলা খাবারও খাচ্ছে না...।
আমি মাহবুবের বাসায় গিয়ে দেখি, ছেলেটা গাঁয়ে জ্বর নিয়ে শুয়ে আছে। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমি বললাম, কি লিটল প্রিন্স কি খবর?
মাহবুব কিছু বলল না, শুধু মাথা তুলে একবার আমার দিকে তাকাল, তারপর অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়লো।
আমি বললাম, এই তুমি কি রাগ করেছ? রাগ করলে করতে পারো কিন্তু আমি কি করেছি সেটা না বললে তো তোমাকে ছাড়ছিনা।
এবার সে আমার দিকে ফিরে ইশারায় বলল, কানে কানে কথা বলবে।
আমি ফিস ফিস করে বললাম, ঠিক আছে। আমি তোমাকে কোলে তুলে ছাদে নিয়ে যাই তারপর জম্পেশ আড্ডা হবে।
সে রাজি হল, আমি ওকে ঘাড়ে নিয়ে দুতলা থেকে সোজা ছাদে চলে গেলাম। তারপর বললাম, কি আইসক্রীম, চকোলেট কিংবা খেলনা লাগবে? আমি দিতে পারি।
সে কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকলো, তারপর কানে কানে বলল, আমি কেন মাদ্রাসায় পড়বো না জানো?
আমি বললাম, নাতো কেন?
সে বলল, জানো মাদ্রাসায় পড়লে ছেলেদের মুখে বড় বড় দাড়ি গজায়; দাড়িওয়ালা ছেলেদের দেখলে আমার ভয় লাগে। আমি রাতে দাড়িওয়ালা ভুতের স্বপ্ন দেখি...!
এবার আমি কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকলাম...। তারপর ভাবতে লাগলাম, আমি কি করে তাকে বোঝাবো যে, দাড়ি আসলে সব ছেলেদেরই গজায়; মাদ্রাসার ছেলেরা সেটা বড় হতে দেয় আর কলেজের ছেলেরা সেটা বড় হতে দেয় না...!
......
আজ অনেক দিন পড় মনে হচ্ছে, আমরা যারা বাচ্চাদের বাবা/মা হয়েছি, তারা কি বাচ্চাদের মনের কাছে গিয়ে জানতে পারছি আমাদের ছেলে কিংবা মেয়েটি কি ভাবছে!? কি স্বপ্ন দেখছে, আর কি বুঝে বড় হচ্ছে!?
---------------------------------------
© খোরশেদ খোকন। ০৫/১২/২০১৫
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




