
স্বপ্ন যদি ভর- দুপুরে, গলায় বাঁধে দড়ি,
বুঝবে সেটা ভুলের শুরু, ডুববে আশার তরী।
ডুবলো রবি অকাল বেলা, ছন্দপতন প্রাণের মেলা,
সাধের নাগাল সাধ্যরা সব, সুদূর অচীন- পথভোলা!
কাছের কারা- দূর বা আপন, ক’জন অকুল সাথী,
দাঁড়িয়ে ক’জন আঁধার রাতে- জ্বালিয়ে হাতে বাতি ?
চিনবে সবই, ভিতর বাহির, মিথ্যে বাঁশি সুরের...
দামের দরে দায়কে সেরে, দ্বার চিনবে- ভোরের।
আঁধার যখন, আলোর খুঁজে- ব্যস্ত মাতাল, পথভুলে,
আপনটাকেই আঁকড়ে ধরি- তুমি, আমি- সকলে।
আমিও সে হাত- আস্থায়- নাগাল পেলাম সস্তায়,
এখন দেখি জীবন সেথা, একলা- একাই পস্তায়!!
ধূসর মরু জীবন এখন, পায়ে- পায়ে ফাঁদ,
সুখ গুলো সব ছন্নছাড়া- শুধুই বালির বাঁধ।
চক্ষু বুজে চলার খেয়াল, পড়ি গভীর খাদে-
স্বপ্ন হেথায় সদলবলে, আটকা পড়ে কাঁদে!!!
ছিন্ন মেঘের ভেলায় ব্যাথা, মনের চোখে বৃষ্টি,
আগুন মেখে তাকাই তবু, আগুন মাখা দৃষ্টি!
কলসি বেঁধে ডুবি জলে- জলেই ডুবে থাকি,
মানুষ গুলো পাগল ভাবে, যতই কাছে ডাকি!!!
এক-মাত্রে, আটকে জীবন, একলা আড়াল খুঁজে-
উপায়হীন এ- হৃদয় তখন, পাথর স্বরও বুঝে,
মনের পেটে জমাট বাঁধে, গভীর ক্ষত- আঁধার
ভুলের পথে একলা হাটি, ভুল পথটাই আমার...!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




