
কবি নই- কমই....
কিরমানী লিটন
চিন্তার জমিতে কতটা চাষের পর
একটি উৎকৃষ্ট শব্দ জন্ম নেয়?
নিমগ্ন ভাবনারা- কতটা গভিরের নাগাল ছুঁয়ে,
অনুভূতির কপালে মুগ্ধতার সিঁদুর আঁকে?
ভাবনার আল্পনায়- শব্দের অবয়ব,
বাক্যের পথ ধরে হেঁটে- দৌড়ে অতলের গভীর ছুঁয়ায়?
উপলব্ধির আলোড়ন- মুগ্ধতার ঢেউ হয়ে,
প্রান্তর ভাসিয়ে, আসা যাওয়ার পথে পথে-
যদি উর্বর আগামী ছড়ায়, তবে তার পোয়াতী পললে
প্রেরণার উন্নত বীজ থেকে জন্ম নেয়া-
এক একটি প্রসবিত সত্যই- কবিতা।
আমার বৈধব্য ভাবনায় তৃপ্তির রঙ নেই।
অন্ত্যমিলের টানপোড়ন, বেমানান মাত্রায়,
অতলে পৌছলেও- তা ছন্দহীন।
গন্তব্যের নাগাল তাই অমোঘ অদৃশ্যের- আজন্ম দীর্ঘশ্বাস!
সুবাসিত স্বপ্নেরা বেওয়ারিস ভাবনা হয়ে
মরে যায়- ঝরা পালকের মতো।
তার আর কবিতা হয়ে উঠা হয় না।
তাই আমাকে তোমরা, কবি না বলে-
বরং, কমই বলে ডেকো...
হ্যা- কমইতো!
আমার সব কিছুতেই কম
চাওয়া কম- প্রাপ্তিও।
বন্ধু- আপন, স্বজন- কুজন
অতীত আগামী এমনকি বর্তমান....।
যে আমি রুমালের ভাঁজে
পড়ে থাকি- পিছন পকেটে, অযত্ন- অবহেলায়।
টিস্যুর আধুনিকতায় যা, বড় বেশী বেমানান.....।
আঙুলের ফাঁক গলে পরে আটকে রয়েছি-
সেই কবে থেকে গ্লাসের কম জলের আড়াল?
আমার আর কবি হওয়া হয় না।
তাই তোমরা আমাকে কবি না বলে, বরং
'ক-ম-ই বলে ডেকো...
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



