- ভাই খারাপ লাগে না? এই যে দেশে এত অস্থির, কবে আবার সব স্বাভাবিক হবে কোন ঠিক ঠিকানা নাই... খারাপ লাগে না?
- না। রাজনিতী বুঝিও না, ভালোও লাগে না।
- রাজনিতী বাদ দেন, এই যে ডেইলি মানুষ মারা যাছে, খারাপ লাগে না?
- না।
- কেমনে পারেন এত পাষান হতে?
আমাদের বাসা থেকে বের হয়ে বাজার যাওয়ার পথে মিনিসিপিউলিটির ডাস্টবিন। দুই/তিন্টা নেড়ি কুকুর প্রায়ই ঘুরাঘুরি করে, আবর্জনা ঘেটে খাবার খুজে। নিয়মিত দেখতে দেখতে একসময় নিজের অজান্তেই নাম দেই একেকটাকে। সবচেয়ে মোটাটা বাঘা, চামড়া ছাড়াটা ছিলা। পুরো কালোটা কাল্লু। আর ছিল ট্যারা। বেশীর ভাগ সময় একটু দুরে বসে আড় চোখে তাকিয়ে থাকত। অন্য পাড়ার কোন কুকুর ধারে কাছে আসলেই সবার আগে তাড়া করত। অন্য সময় উদাস মনে রোদ পোহাত।
দুই বছর পরের কথা, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। ছয় ঘন্টা লাইনে দাড়িয়ে টিকেট কিনেছি, আরও ছয় ঘন্টা বাসে। দিন ভাল থাকলে একি যাত্রা সব মিলিয়ে তিন ঘন্টার কম লাগে।ঈদের ছুটি চারদিনের একদিন শেষ যাওয়া আসাতেই। মনে মনে মন্ত্রী-মিনিষ্টারের গুষ্টি উদ্ধার করতে করতে বাস স্ট্যান্ড থেকে রিকশায় উঠলাম। রাস্তার ধুলাবালি, রিকশাওলাদের ঈদকালীন অযাচিত ভাড়া সব মিলিয়ে নিজেকে বন্দী বন্দী লাগে। দম আটকে আসতে চায়। অভিমানে ভরে ঊঠে বুকটা। অজানা আক্রোশে চিৎকার করে উঠতে ইছা করে। সব কিছুর জন্য নিজের ভাগ্যকেই দোষ দিতে থাকি।
ঘেঊ ঘেঊ ডাকে চিন্তায় ব্যাঘাত ঘটে। তাকিয়ে দেখি ট্যারা। সব আগের মতই আছে, কিন্তু একটা পায়ের অর্ধেকটা কাটা পড়েছে। বুকে একটা ধাক্কা দিয়ে উঠলো। হঠাৎ করেই আর কিছু চিন্তা করতে পারি না। রিক্সা থেকে নেমে পড়লাম। এগিয়ে গেলাম ট্যারার কাছে। দগদগে পায়ের ঘায়ে অল্প কয়েকদিনেই মারা যাবে, একটা পা ছাড়া চলা ফেরাও অনেক কষ্টের। চোখ বরাবর তাকালাম, কিন্তু সেখানে বিন্দুমাত্র অভিযোগ নেই, নেই কোন হতাশা। একটা পা না থাকার মর্মটাই ধরতে পারে না কুকুরটা।
সেই থেকে আমিও আর কষ্ট পাই না। চোখ বুজে থাকি আরে বলি ভাল আছি... ভাল আছি। তিন ঠ্যাঙ্গা কুকুরের মত...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




