-
-
-
-
-
আকাশে মেঘ দেখলে মনটা উদাস হয়ে যায় । অদ্ভুত রকমের এক ভালোলাগায় মনটা আচ্ছন্ন হয়ে যায়। বৃষ্টি নামলে ভালোলাগাটা বেড়ে যায় বহুগুন ।
কিন্তু আজ দুপুরে কেন যেন এর ব্যতিক্রম ঘটলো । আকাশে মেঘ দেখে মনটা উদাস হতে গিয়েও হতে পারে না । কেমন যেন একটা মন খারাপ করা আকাশ। বৃষ্টিটা মন খারাপ ভাবটা যেন আরো বাড়িয়ে দিলো। জানালায় দাঁড়িয়ে দেখছিলাম আকাশটাকে । যদিও আকাশ বলতে যা বুঝি এই শহরে তা কোনওদিনই দেখিনি। ইট-কাঠের খাঁচার এই শহরে ধোঁয়ায় ঢাকা মাথার উপরের ছাদটাকে কখনো চিরচেনা সেই মুক্ত আকাশটা মনে হয়নি। তাই এ শহরের বর্ণনা দিতে গিয়ে প্রায়ই বলে ফেলি - যে শহরে যায় না আকাশ দেখা।
আজকাল আশে-পাশের মুখোশধারী মানুষগুলোর মাঝে নিজেকে কেন যেন খুব অসহায় আর একা মনে হয় মাঝে মাঝে। তাদের কপটতা মেনে নিতে অনেক কষ্ট হয়। মাঝে মাঝে এতসব অসুন্দরের সাথে যুদ্ধ করার শক্তি হারিয়ে ফেলি। নিজেকে পরাজিত ভাবতে ভালো লাগে না। মনের সবটুকু জোর আবার একসাথে করে তাই প্রতীক্ষায় থাকি নতুন এক ভোরের, নতুন এক বিজয়ের ...।
বেশ কিছুদিন আগে এ ব্লগে প্রকাশিত 'একটি আত্মার অপমৃত্যু'- অণুগল্পটি খুব কাছের একজন মানুষের জীবনের একটি ছোট্ট ঘটনার গল্পরূপ। আজকে হঠাৎ অনুভব করলাম তার কষ্টের তীব্রতা। তার মত করে হয়ত অনুভব করতে পারছি না; সেটা বোধ হয় সম্ভবও না।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



