জনারণ্যের কোলাহল থেকে নিজেকে সহজেই আলাদা করা যায়
কিংবা অনেক মানুষের ভিড়ে না-মানুষ হওয়া যায়—
যে আমায় তা শিখিয়েছে, সে আমার কেউ নয়
তার আত্মজটি আমার খুব ভালো বন্ধু
বিপরীত সম্পর্ক হলে কবেই হয়ে যেতো মালাবদল!
সাধারণ দৃষ্টিতে যা হয়তো কিছুই নয়
তবে আমি তার শৈল্পিক মৌনতার পূজারী। এখন আমি দেখছি—
পূর্বপুরুষেরাও দেখেছিল রঙহীন, পুষ্টিহীন; ভালোবাসাহীনতার
মাঝে কি অপূর্ব ভাবেই না বেঁচে থাকা যায়! আমি তার
মনের পঠন দূরে থাক চোখের ভাষাটাও পড়তে পারছি না।
বড্ড অবেলার নির্বাকতায়, নিঃসীম সৌন্দর্যের নীরবতায়
আমি কোনো ভাবেই বন্ধুটির মনের ভূগোল হয়ে উঠছি না!
বিস্ময়াভিভূত নমস্য নিয়তির বন্ধুটি তাগাদা দিচ্ছে
এখনই নামবে বৃষ্টি, দ্রুত বাড়ি পৌঁছে যাও; মা অপেক্ষা করছে!
২২.০৯.২০১৩। ১২.১১। ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




