নিউমার্কেটে গেলে এখনো একবারে কোন দোকান খুঁজে পাই না, চক্কর খেতে থাকি। তালগোল লেগে যায় দোকান খুঁজে পেতে। এই চক্কর খাওয়াটা মজা লাগে আমার। আজ নিউমার্কেট গিয়ে খোকন ভাইয়ের ক্যামেরার দোকান খুজতে খুজতে চোখ গেল গুলজার রেডিমেড এন্ড টেইলার্স এর সাইন বোর্ডটায়। কিংবদন্তির এক টেইলারিং শপ গুলজার। মজার ব্যাপার হলো এই দোকানে আম্মার সাথেও গেছি বৌয়ের সাথেও গেছি। দোকানের ভেতর দাড়িয়ে মা অথবা বৌয়ের ব্লাউজ পিসের কাপড় কমবেশীর হিসেবনিকেশ অথবা শাড়ীর পাড়ে উল্টা ফল্স লাগিয়ে ফেলার বিরম্বনার সাক্ষী হওয়া দুনিয়ার সবচেয়ে বড় বোরিং কাজ। অথচ আজ সেই দোকানের পাশ দিয়ে যাবার সময় নিউমার্কেটে শপিং এর সবচে বোরিং প্লেসটাকে আজ আর আমার কাছে মোটেও বোরিং লাগল না। বরং এই দোকানের ভেতর যেয়ে দেখতে ইচ্ছে করছিল খুব, টুলের উপর কোন গোমড়া মুখো বালক পা ঝুলিয়ে মন ভার করে বসে আছে কি না!
শৈশব, বড়ো অদ্ভুত এক যায়গা। যেখানে থাকতে ইচ্ছে করেনা কখনো অথচ ফিরে ফিরে যেতে মন চায় বার বার।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




