আমি একসময় ফুলেদের ভাষায় কথা বলতে পারতাম
বুঝতাম প্রজাপতির বলে যাওয়া প্রতিটি কথা
হেসে ফেলতাম চড়ুই যুগলের একান্ত আলাপন শুনে
ঘুঘুর বিলাপ ডাহুকের কান্না দোয়েলের শিস
সহজেই অনুবাদ করতে পারতাম আমি
সারি বেঁধে চলা পিঁপড়েদের থামিয়ে কত আলাপ জুড়েছি
ঝিঁঝিঁদের কাহিনী শুনে শুনে ভোর করেছি কত রাত
শিশিরের ঝরে পড়ার ব্যথায় আর্দ্র হয়ে উঠত চোখ
আর সূর্যের সাথে তাদের বর্ণিল হাসির ছটায়
আমার রেটিনায়ও ছড়াত খুশির ঝিলিক
আমি আকাশ ও মেঘের রং পড়তে পারতাম
বাতাস আমার কানে কানে বলে যেতো
মৌসুমের কত আগাম সন্দেশ বয়ে আনতো মহুয়ার খোলাচিঠি
ছাতিমের ডাকে ব্যাকুল হয়ে ছুটে যেতাম
উঠোনের কোণে ঊর্ণনাভ ফুলটির সাথে আমার
সখ্য দেখে হাস্নুহেনার ঈর্ষাকাতর ফিসফিসানি কান এড়াতো না
লাউয়ের মাচার প্রতিটি কচি ডগার নুয়ে পড়ার মানে জানা হয়ে যেতো
ঘরের চালে ফোটা ঝিঙেফুলটি আমাকে ঠিক সময়ে
খেলার মাঠে যাওয়ার কথা মনে করিয়ে দিতো
চরের বালুরাশির কাছে আমি কত ইতিহাস শুনেছি
আর বেলেনুড়ির কাছে স্রোতের প্রযত্ন
তারাভরা রাতের কোরাস জ্যোৎস্নার সিম্ফনি খাঁ খাঁ দুপুর
বৃষ্টির স্বরলিপি অনায়াসে মুখস্থ বলে যেতে পারতাম
অথচ আজ? আজ সেসব ঢাকা পড়ে গেছে ইট-কাঠ-পাথরের
সোরগোল-ডামাডোলে,,,
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


