আমরা যেদিকে যাচ্ছিলাম সেদিকেই নদী
আর নদী হচ্ছে বর্জ্য,কবন্ধ-লাশ,বিভঙ্গ ঊরু,বারুদে পোড়া খুলি ও চুল-
সমেত ক্ষীণতোয়া এক স্রোতস্বিনী।
নদী মানে কালো তেলতেলে পোড়া মবিল থিকথিকে কাদাটে ঘোলা জল।
নদী পেরুলেই পাহাড়
আর পাহাড়ের সানুদেশে সার সার কর্তিত বৃক্ষ,ডালপালা
কাঠ চেরাইয়ের কটু-গন্ধ,শাখামৃগদের করুণ চাহনী
নিসর্গ নমিত আজ,ফলেনা উদ্ভিদ
চারপাশে আদিগন্ত খসখসে খরিসের পিঠ।
মানুষকে হাতছানি দিচ্ছে আহার্য ও প্রলোভন
সমস্ত বোধি ও প্রমা সমাধিস্থ মানুষের মতো বিচূর্ণ
নিপাখি নিসবুজ নীরন্ধ্র নীলাচলে জল দাও বৃষ্টি দাও প্রভু
নীরস এ মৃত্তিকা সিক্ত হোক বৃষ্টি ধারা জলে
পরাগায়নে কামে পুনর্বার বীজ হোক শিশু চারাগাছ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

