জনবল সংকট সহ নানা সমস্যার কারনে বাংলাদেশ বেতার বগুড়া রিলে কেন্দ্রের কার্যক্রম থমকে গেছে। দীর্ঘ আঠার বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এই রিলে স্টেশনটি। শুধু তাই নয়, স্টেশন স্থাপনের 10 বছর পর 1989 সালে আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই রিলের কাজ শুরু হয় এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা সম্ভব হয়নি। সূত্রমতে, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে 1979 সালে তথ্যমন্ত্রণালয়ের উদ্যোগে শহর থেকে প্রায় 12 কিলোমিটার পশ্চিমে কাহালু উপজেলার দরগাহাট এলাকায় প্রায় 8 কোটি 44 লাখ টাকা ব্যয়ে 100 কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বেতার রিলে স্টেশন স্থাপনের কাজ শুরু হয়। এজন্য প্রায় 25 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল।
10 বছর পর 1989 সালে এখান থেকে রাজশাহী বেতারের অনুষ্ঠান রিলের কাজ শুরু হয়। স্পেয়ার পার্টস না পাওয়ায় বুলগেরিয়া থেকে আমদানি করা ট্রান্সমিটারটি প্রায় অকেজো হয়ে পড়েছে। ফলে রাজশাহী বেতারের অনুষ্ঠান ঠিকমতো শোনা যায় না। উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুরে 20 কিলোওয়াটের দুটো বেতার কেন্দ্র রয়েছে। বগুড়ার কেন্দ্রটি 5 গুণ বেশি ক্ষমতার হলেও এখানে স্থানীয় শিল্পীদের মেধা বিকাশে পূর্ণঙ্গ স্টুডিও নির্মাণ করা হয়নি। রাজনৈতিক সিদ্ধান্ত ও আমলাতান্ত্রিক জটিলতায় গত 18 বছরেও এখানে নিজস্ব অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেয়া যায়নি। বগুড়ার শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক সমাজের দাবির প্রেক্ষিতে 2001 সালে শহরতলীর বিটাক মাঠে আড়াই একর জমিতে 24 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক দুটি স্টুডিও নির্মানের উদ্যোগ নেয়া হয়।
বেতারের তৎকালীন উদ্ধতন কর্মকর্তারা বেতার কেন্দ্র পরিদর্শন করে সেখানে অবকাঠামো নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, শিল্পীদের কক্ষ নির্মাণ, আবাসিক ভবন নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণের প্রস্তাব করেন। ওই প্রকল্পটি পরিকল্পনা কমিশনে জমাও দেয়া হয়েছিল। কিন্তু আজও তা বাস্তবায়নের কাজ শুরু হয় নি।
পরে বেতার কেন্দ্রের ভেতরে একটি স্টুডিও ইউনিট স্থাপনে 2002-2003 অর্থবছরে উদ্যোগ নেয়া হয়েছিল। গণপূর্ত বিভাগ 12 লাখ 11 হাজার 295 টাকা ব্যয়ে ইউনিট নির্মাণে দরপত্র আহ্বান করে। অজ্ঞাত কারণে সে উদ্যোগও ভেস্তে যায়।
বগুড়া বেতারের রিলে কেন্দ্রে রাজস্ব খাতভুক্ত 34 টি পদ থাকলেও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন মাত্র 20 জন। প্রয়োজন থাকলেও চৌকিদার, মালী, ইলেক্ট্রিশিয়ান ও ঝাড়ুদারের পদ সৃষ্টি করা হয়নি। ধার করা লোক দিয়ে নিরাপত্তার কাজ চালানো হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

