১.
হে সদা প্রভু আমাকে তোমার মরুতপ্ত পাঁজরের হাড় থেকে এক টুকরা উত্তাপ দাও। আমাকে আগুন দাও। টেবিলের তল থেকে টেনে খুলে দাও এমন কাঠ!হে ভাগ্য প্রভু যেন আগুনে পোড়াতে পারি আরো কিছু সবুজ বোতাম।
আমার স্মৃতিরা ছবি হয়ে গেছে ছবিরা ছাই।
এ ঘুম থেকে অন্যান্য পাতাদের জাগিয়ে রাখা ভীষন অন্যায়।
এ কূলপ্রভু আমাকে ঘুম দাও একটু আগুন!
২.
উড়ে যায় আকাশি পাখি বিষাদ যার পূর্বনাম অপূর্ব উপায়ে। আমার গলার থেকে সোনার বল লকেট সে ছোঁ মেরে নিয়ে গেছে। মহামূর্খ মিথ্যেবাদি! সব বিকেলে পাড়ায় পাড়ায় বসে সারান্ধ ইঁট আলোচনা। হাহ হারামজাদী তোর ঘর আগুনময় হোক। তুই আর তোর আগুনের ঘর রাত্রিতে মদাক্রান্ত। সেদ্ধ মটরশুটি গুলো জীবন্ত পাখি হয়ে পেটাব্দি ঘোরে।
গভীর রাতে আমার আঙ্গুল থেকে সোনা আর পাথর সে তুলে নেয়। খুলে খুলে ছোঁড়ে। নক্ষত্র বিশেষ অলৌকিক রাজহাঁস হয়ে দুলছিল নীল দিঘি জলে।
সে পাথরের আঘাতে রাজহাঁসেরা কাগজী লেবুর ফুল হল। ধরতেই পাপড়ি অভিমানে ভাঙা ঘর।
আমার চুলের কাঁটায় সে আঘাতপ্রাপ্ত ব্যাধ।
শিকারী যখন হয় শিকারের লক্ষ্য।হারামজাদী এখনো বুঝিসনি তোর কপালে অনেক দুঃখ?
৩.
আমি ভাল নেই স্বর্গ দ্বারের প্রহরী। আমি ভাল নেই। তোমার যুগল প্রশ্ন বন্দী জল দোটানার মাছ। আমি ভাল নেই শর্ত পতন অবিশ্বাসের নাচ! দরজা বন্ধ করে রাখো। পাহারায় থাকো। ওপাশে আমি এক নিঃসঙ্গ কাগজের পাখি। সাদাকালো হাটে গ্রন্থপিতার কড়ে আঙ্গুলে হাত রেখে ভাবি আপাতত কিছু গোধূলিতো পাওয়া গেলো। আপাতত কিছু ঘরের ভেতরে শুকনো মাটির দাগ। সাঁওতালি ফুল লাল দু বেনির রাগ ছড়িয়ে এলোমেলো । দস্যি সময় কথা বলে যায় সংঘাতে মাখামাখি!
৪.
বাক্যে বিন্যাসে দূরতিক্রম্য কল্পনায় সে থাকে মুহূর্ত। এ অরন্যে তার শ্বাপদ নখের দাগ মুহুর্মুহু চমকায়।সে থাকে দূরে। অন্তরে নীল বিষাদি পাখির ডাক। সে থাকে তার কাছে সে থাকে কার কাছে?
৫.
আর কবে ? আর কখনো হবেনা
আকাশের গায়ে পাখির প্রকৃতি।
রমনী রবেনা পুরুষের কাছে
পাখিদের চোখ আর ঘুমুবেনা
হবেনা হবেনা হবেনা
আর কবে? আর কখনো হবেনা
জ্ঞানদেব তার সুবাসের রীতি
এই হরতালে লুকিয়ে রাখবে
এই বৃষ্টিতে রোদ পুরুষেরা জেগে উঠবেনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

