-কি করছো?এই শোনো, রাত্রিটাকে দেখো। আমাদের কান্নাগুলো এ অন্ধকারে কেমন বেতসলতার মত ঝুলছে!
কদিন ধরেই ঘুমের ভেতর এসে এই মেয়েটা জ্বালিয়ে যাচ্ছে গালিব কে। মেয়েটাকে সেদিন এক পশলা বৃষ্টির ভেতর থেকে উঠিয়ে আনা ঠিক হয়নি। একদম ঠিক হয়নি। এখন এই কৃতজ্ঞতা বোধের ঠেলায় তার সংসারে যখন তখন ঝামেলা হচ্ছে।সেদিন তো ঘুমের ঘোরে কি বলেছে না বলেছে নিতু সকাল বেলায় উঠেই ঝগড়া শুরু করে দিল।
-মেঘের মেয়েটা কে?
-জানিনাতো!
রাতে খুব তো ডাকছিলা
কি যন্ত্রনা! নিতুর সাথে তার গত চার বছরের সংসার। কখনো এমন হয়নি। মেয়েটা যখন তখন হানা দিচ্ছে। চেতন অবচেতনে আসে নানা রকম প্রশ্ন করে আর গভীর রাতে ঝিঁঝিঁর ডাকের মত একটানা হাসতে থাকে।
-এই জানো, আজ কি হলো? রোদ্দুর এসে আমাকে কেমন অবুঝ হয়ে খুব পোড়ালো! আমি কাঁদলাম, আমি পালিয়ে এলাম ঘর।
-মানে?
-এই যে তোমার একনিষ্ঠ ফুল ফোটা বাগানে!
মেয়েটার মাথা খারাপ সত্যি মাথা খারাপ।মেঘের মেয়েরা এমন হয় জানলে গালিব এই ভুল করতোনা। কখনো করতোনা। সেদিন বাড়ি ফেরার সময় কি কুক্ষণেই মেঘের মেয়েটাকে মাথায় করে এনেছিলো গালিব!
কিছু চরিত্র গালিব কে মাঝে মাঝে বিরক্ত করে এটা সত্য। খেতে বসলে গলার কাছে খাবার ঠেলে উঠতে থাকে। ছুঁড়ে ফেলতে ইচ্ছে করে ডালের বাটি। নিতু সামনে বসে খুব যত্ন করে খাওয়ায়। ইচ্ছে উচ্ছন্নে যাক। নিতু সামনে থাকে বলেই ডালের বাটি ছুঁড়ে ফেলা যায়না। এই যেমন ঘুম থেকে উঠতেই জানালার পাশে যে কাকটা এসে শুভ সকাল বলে যায় রোজ তার গলা টিপে ধরতে ইচ্ছে করছে ইদানীং।
সেদিন এসে কাকটা কি গম্ভীর হয়ে তাকে বললো, শহরে কি গরম পড়েছে দেখেছেন? কদিন ধরে ইচ্ছে করছে মাটির নিচে ঘর করে থাকি।আন্ডারগ্রাউন্ডে চলে যাই। এই হরতাল অবরোধে রোজ রোজ নিয়ম করে আর আপনার জানালায় আসতে ভাল লাগেনা। রাস্তার ওপারের শিমুল গাছটায় একটা কাকনী থাকতো, আপনার জানালা থেকে হাই হেলো বলতে সুবিধে হত। দুদিন ধরে আর দেখছিনা। দিনকাল যা হয়েছে কেউ ধরে টরে নিয়ে গেল কি না কে জানে! চলেই যাব বুঝছেন?
গালিবের ইচ্ছে করলো উঠে কাকটারে একটা চটকানা দিতে। চোখ কান বন্ধ করে তার আবার ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছিলো ওদিকে কাকটা আপন মনে বকে যেতে লাগলো,বুঝলেন গালিব সাহেব সেদিন যে লুঙ্গিটা গোসল করার জন্য চেয়ে নিয়েছিলাম ওটার এক কোনা ছিঁড়ে গেছে, ঘরে তো আর বৌ নেই যে সেলাই টেলাই করে দেবে!এরকম একটানা বকবক শুনতে শুনতেই গালিব ঘুমিয়ে পড়তে পারে। কিন্তু এবার বিষয়টা খুব জটিল হয়ে যাচ্ছে। মেঘের মেয়েটা মনে হচ্ছে পণ করে আছে সঙসার না ভেঙে ছাড়বেনা। এমন হলেতো মুশকিল বাবা।
দুপুরের প্রখর রৌদ্র সেদিন হঠাৎ করে কালো হতে থাকে । ঝড়ো বাতাস আর মেঘে মেঘে হাওয়া। মেয়েটা কানের কাছে এসে ফিসফিস করে বলে,
-ধরো এখানে আমি নেই। আমার মত আর কেউ বৈরী বাতাস হয়ে গায়ে লাগছে!
গালিব জানে এই যে উঠতে বসতে মেয়েটা প্রজাপতির মত ছটফট করছে,তার এখন শব্দের তৃষ্ণা।শব্দে শব্দে মাতাল গন্ধ আর মেয়েটির ছবি হয়ে ওঠা। মেয়েটি এভাবে আসবে গালিব ভাবেনি। সামনে নিতুর ডায়রীটা পড়ে ছিল, এক ঝটকায় লিখে ফেলে প্রথম লাইনটা। মেঘের মেয়ে তোমার মনে মেঘ ঢেলেছো কত!...
মেয়েটা আর আসেনা। স্বপ্নের ভেতরও না। খুব অসহায় লাগে গালিবের। বিরক্তিটা এমন নেশায় টানবে তাকে কে জানতো।
গালিবের এই প্রথম খুব বলতে ইচ্ছে করছে,'' মেঘের মেয়ে, হেলায় এসব অবহেলা আর না করো..
আতরে আতরে গন্ধে গন্ধে! ''
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



