ভাগ্নী ছোটটাকে নিয়ে মহা ঝামেলায় পরা গেলো । মেয়ে আজকাল আবার হিন্দীতে কথা বলা শুরু করেছে !!!
নাজদিয়া যখন কথা বলতে শিখছে ঠিক তখন সে টিভি দেখে আনন্দ পেতেও শিখে গেছে। পাঁচতলার বন্দী ফ্ল্যাটে মেয়েটা আর করবেই বা কি। কার্টুনই তো দেখছে , দেখুক না । ডোরেমন নামের এক নীল রোবোট বেড়ালের কার্টুন,মন্দ কি । কিন্তু দিন যায় আর ঘটনা সাঙ্ঘাতিক মনে হতে থাকে। সে টিভির সামনে থেকে সরতেই চায় না । নেশার মতো হয়ে গেছে । ডোরেমন না দিলে সে খায় না, অন্য কোনো খেলায় তার আগ্রহ নেই। আমরা কেউ বোঝাই, কেউ শাসন করি, অবশেষে বেচারী কয়েক দফা পিটুনিও খেয়ে ফেলল। কিন্তু উহু, সে কঠিন ভক্ত। এদিকে মেয়ে কেবল কথা বলতে শিখছে, অথচ যা শিখছে বেশির ভাগই হিন্দী !! আমাদের সংসারে যখন এমনই দুর্যোগের ঘনঘটা , সেই মুহূর্তে ডোরেমন কার্টুন বন্ধ করে দেয়া হল । আর আমরা ফিরে পেলাম সস্তির নিঃশ্বাস । কিন্তু একি ! বছর ঘুরতে না ঘুরতেই আবার !!!! এবার নিনজা হ্যাট্টরি ।
নাম আলাদা হলেও ডোরেমন আর নিনজা হ্যাট্টরি’র মধ্যে তফাৎ খুঁজে পাইনা । ডোরেমনের মূল চরিত্র নবিতা আর নিনজা হ্যাট্টরির মূল চরিত্র কেনিচি দুইটাই হাড় বদমাইশ । দুইটার একটাও স্কুলে পড়া দিতে পারে না , বাসায়ও পড়ায় ফাঁকির নামে ওস্তাদ । দুজনই মায়ের সাথে মিথ্যা বলতে থাকে ।পরীক্ষার খাতা লুকিয়ে রাখে। নিজেদের কাজ সব সময় ডোরেমন আর হ্যাট্টরির ঘাড়ে চাপিয়ে দেয় তারা ।
দুইটাই এই বয়সে মহা পাকনা । নবিতা তো শিযুকার প্রেমে পাগল, ঐ দিকে কেনিচিও ইউমিকোর জন্য দেওয়ানা ।
এই পিচ্চি বয়সে তাদের আবার শত্রুও আছে, জিয়ান আর তার চ্যালা সুনিও যেমন সব সময় নবিতাকে যন্ত্রনায় রাখতো, এদিকে কেনিচীকে বিপদে ফেলে কেমুমাকি। এইসব কিছু হলো ?
ভাইয়া তাঁর এই আদরের ছোটো মেয়েটাকে কাছে টেনে বলল, ‘ মা আমার এবার থেকে স্কুলে যাবে বুঝি ?
নাজদিয়া খেলার ছলে কি এক কাগজ তার বাবার হাতে ধরিয়ে দিয়ে বলল , ‘মুঝে জিরো মার্ক্স মিলা ।’ অসহায়ের মতো ভাইয়া তাকালো আপুর দিকে । দেখি আপু ঠোঁট টিপে হাসছে। এদিকে বড় ভাগ্নী নিজ দায়িত্বে তার বাবাকে বুঝিয়ে দিলো এটি হচ্ছে নিনজা হ্যাট্টরি কার্টুনের হিরোর কমন ডায়লগ।
তাহলে প্রশ্ন হচ্ছে এই মেয়েটার বর্তমান পরিস্থিতি কি ?
আরেব্বাস ! গতবারের কথা ভুলে গেছি নাকি ?
তাই এবার শুরু থেকেই সচেতন আমরা বাড়ির সবাই । তাছাড়া ও একটু বড় হয়েছে বিধায় বুঝিয়ে বললে আর জেদ করে না।
তবে এত কথাই বা বলছি কেন ?
আসলে হঠাৎ মনে হল আর সব ছোট মানুষগুলোও কি একি ব্যাধিতে আক্রান্ত ?
শিশুদের কার্টুনপ্রীতি থাকবে এটাই স্বাভাবিক । শহরের উঁচু দালানের ভেতরে বন্দী এই অসহায় শিশুগুলোর বিনোদন বলতে আর কিই বা আছে ? কিন্তু বিনোদনের নামে একি বিষ ঢুকিয়ে দেয়া হচ্ছে এদের মস্তিষ্কে ? মাতৃভাষার আগে শিখছে ভিনদেশী ভাষা, ভিন্ন সংস্কৃতি আগলে বড় হচ্ছে তারা। এসবের ভিড়ে স্পষ্ট , শুদ্ধ বাংলা ভাষা শেখা হচ্ছে কি তাদের ? দেশীয় সংস্কৃতি কতটাই শেখাচ্ছি এই ছোট্ট ফুলগুলোকে ?
প্রশ্নগুলো মনে আসছে বিধায় আমাদের মেয়েটার প্রতি বাড়তি নজর থাকবে। কিন্তু নাজদিয়া তো একটি না। প্রায় বাড়িতেই এই ছোট্ট মানুষগুলো দিন দিন বড় হচ্ছে । কেমন আছে তারা ?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



