এ শহরের রাস্তায় নামে বুল্ডোজার, মাথা থেতলে দিয়ে
সৃষ্টি হয় রক্তের নদী, স্রোত ভাসিয়ে নিয়ে যায়
কিশোর মনের বিপ্লব,
সব সত্য হয়ে যায় অসত্য।
এ শহরে হেলমেটধারীরা পায় বীরের খেতাব,
আর ঐ যে কিশোর বাঁচার দাবীতে
যে নেমেছিল রাস্তায়, চোখে গুলি খেয়ে যে বরণ করেছে অন্ধত্ব,
রাষ্ট্রীয় শিলমোহরে সেখানে লাগানো হয় গুঁজবের তকমা।
এ এমন এক শহর, যে শহরে বিনা বিচারে খুন হয়,
গুম, হত্যা, ধর্ষণ যে শহরের নিত্য সঙ্গী, যে শহরে প্রতিবাদ
করা নিষেধ, যে শহরের প্রতিটি ইটে লেগে আছে নিরীহের রক্ত,
যে শহরে কিশোরীর বুকে থাবা দেয় সোনার ছেলেরা, আর
ধর্ষিতারা বিচার চাইলে ধর্ষিত হয় আরও একবার।
এখানে অট্টহাসিতে ফেটে পড়ে আদমখোর, কুৎসিত
চেহারায় খেলতে নামে রক্তের সেই আদিম খেলা।
তবু নীরব থাকে রাষ্ট্রকর্তা, রক্তমাখা হাত নিয়ে অকপটে
বলে উঠে শান্তির বার্তা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



