
যখন আমি মূর্খ ছিলাম
করে যেতাম সকল কাজ,
বিদ্যা পেটে ঢোকার পরে
বেড়ে গেছে অনেক লাজ।
এখন আমি হয়ে গেছি, অনেক বড় শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
কাদা মেখে সারা গায়ে
ধরেছিলাম কত মাছ,
তরতরিয়ে উঠে যেতাম
ছোট বড় কত গাছ।
এখন ওসব পারিনা আর, হয়ে গেছি শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
বিপদ দেখে ছুটে যেতাম
ছোট বড় সবার আগে,
এখন কারো বিপদ দেখে
মনের কোনে দ্বিধা জাগে।
এখন আমি হয়ে গেছি, অনেক বড় শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
দিনে রাতে ওদের সাথে
মিসে যেতাম ভালোবাসি,
গরিব-দুখি হোকনা যত
হোকনা যত গাঁয়ের চাষী।
এখনতো আর তা পারিনা, হয়ে গেছি শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
কোট টাই পরে আমি
হাটে চলি, ডাটে চলি,
গরিব-মূর্খ দেখলে পরে
কথা আমি কমই বলি।
কেমন করে বলবো কথা, হয়ে গেছি শিক্ষিত,
তাইতো এখন বিনয় করে, বলি আমি দুঃখিত।
বিদ্যা শিখে কি যে হল,
বুঝিনা তা, বুঝিনা যে,
ভাব বেড়েছে, লাভ বেড়েছে
বিদ্যা এল এমন কাজে।
মানুষ ছিলাম কি যে হলাম, কিসে হলাম দীক্ষিত,
তবুওতো বুক ফুলিয়ে, বলছি আমি শিক্ষিত।
....... মামুন... ৩১-০১-২০১৮।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



