ছবি হারানো সময়ের কথা বলে । উপরের ছবিটি তোলা হয়েছিল ১৯৯২ সালের ২৫শে সেপ্টেম্বার । ২১ বছর আগে জাবি তে প্রথম বর্ষে পড়াকালীন আমার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছিল আমার দুই রুমমেট বন্ধু, বাপ্পী (বামে) আর রুপম (ডানে) । বাপ্পী নাটক ও নাট্যতত্বে পড়ত, অসম্ভব মজার মানুষ । নাটকের প্রতি কখনোই সিরিয়াস ছিলনা । কবিতা পাগল বাপ্পীর মাধ্যমেই আমার শক্তি-বিষ্ণু-অমিয়-সুনীলের সাথে পরিচয় । রুপম গোছানো ছেলে, বাংলায় পড়ত । তখনই কয়েকটা উপন্যাস লিখেছিল । প্রায়ই সে আমাকে তার লেখা উপন্যাস পড়ে শোনাত । এক-দেড় পৃষ্টা শুনেই আমি ঘুমিয়ে পড়তাম । আর আমি ছিলাম কেমেস্ট্রির ছাত্র, কিন্তু পুরো ইউনি লাইফ কাটিয়েছি নাটকের দল করে ।
৯৭ এ আমরা ক্যাম্পাস ছেড়েছি । তখনো মুঠোফোন আসেনি, তাই বহুদিন বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ ছিল না । সম্প্রতি ফেবুর মাধ্যমে আবার সবার সাথে যোগাযোগ, আবার সেই ক্যাম্পাস লাইফে ফিরে যাওয়া । হঠাৎ কাকতালিয়ভাবে আবিষ্কার করলাম, উপরের ছবির আমরা তিন রুমমেট বন্ধুই এখন গল্প লিখি । ওরা দুজন ইতিমধ্যে সাহিত্যাঙ্গনে গল্পকার হিসাবে প্রতিষ্টা অর্জন করেছে, আর আমি হলাম নবিশ । বাপ্পী লিখে 'মুম রহমান' নামে । কয়েকটা বই বেরিয়েছে, জেমকন কথা সাহিত্যিক পুরষ্কার পেয়েছে । রুপম লিখে 'হাসান অরিন্দম' নামে, তারও গল্পের বই বেরিয়েছে । দুজনের লেখাই দৈনিক পত্রিকার সাহিত্য পাতায় প্রায়ই পাওয়া যায় ।
জন্মদিনে লেখা অচল রম্যখানি আমার দুই রুমমেট বন্ধু বাপ্পী আর রুপম কে উৎসর্গ করলাম ।
*****************************************
সওদাগরি আপিসের বানিজ্য উমেদারিতে প্রায়শই চাটগাঁ গমন করিতে হয় । সমুদ্র আর পর্বতের মধ্যবর্তি এই ভুখন্ডখানি রথ দেখা কলা বেচার উৎকৃষ্ট স্থান । চকবাজার হইতে একখানি ত্রিচক্রযানে উপগত হইয়া বহাদ্দারহাটের অর্ধনির্মিত উড়াল সেতু অতিক্রম করিয়া কালুরঘাটের দিকে ধাবমান । চারিদিকের অতি মনোহর দৃশ্যাবলি অবলোকন করিয়া অতিশয় প্রীত বোধ করিতেছি । অকস্মাৎ রাজপথের পাশে দন্ডায়মান কতকের মাঝে পরিচিত একজনকে দেখিবা মাত্র ত্রিচক্রযান হইতে নামিয়া পড়িলাম ।
বিশ্ববিদ্যালয় শ্রেনীবন্ধু আজগর আমাকে দেখিয়া বিপুল হর্ষযোগে উৎফুল্লিত হইয়া আলিঙ্গনাবদ্ধ হইল । বিগত ষোল বছরে উহার দেহখানি ফুলিয়া ফাঁপিয়া যথেষ্ট বাড়িয়া উঠিয়াছে । পাশে দন্ডায়মান বিশাল বপুর অধিকারিনী উহার পত্নী । বুঝিয়া লইলাম উহারা অতিশয় সুখে দিনাতিপাত করিতেছে । উহাদের বাটিতে গমন করিতে পীড়াপিড়ি করিলেও সময়াভাবের ওজর দেখাইয়া পরবর্তি কোনদিন গমনের প্রতিশ্রুতি দিয়া অবশেষে নিস্তার পাইলাম ।
পূনরায় ত্রিচক্রযানে উপগত হইয়া কেবলই আজগরের বিচিত্র হল জীবনের কথা মনে আসিতে লাগিল । আজ এই ক্ষনে কিছু 'আজগরনামা' না বলিলে উদরের অন্ন পরিপাক হইবে বলিয়া মনে হয় না ।
"আজগরনামা":
(কিঞ্চিত প্রাপ্তমনস্ক উপাদান রহিয়াছে, পাঠকের সতর্কতা কাম্য ।)
রসায়নের মত রসহীন বিষয়ে ভর্তি হইয়া আমরা জনাদশেক জাবি'র মঙ্গল গ্রহে (এবি হল) পতিত হইলাম । ইতিপূর্বে বা পরে রসায়নের কেউ বিভাগ হইতে সর্বোচ্চ দুরে ক্যান্টনমেন্ট খ্যাত এই হলে স্থান পায় নাই । আমরাই ছিলাম একমাত্র দূর্ভাগা । আমাদিগের মধ্যে আজগর ছিল অতিশয় উত্ত ছাত্র । রোগা-হ্যাংলা-লম্বা আজগরকে দেখিলে কেবলই গুরু আযম খানের কথাই মনে আসিত । আজগর প্রতিদিন বিকালে টিউশনি উপলক্ষে ঢাকা যাইত আর মাসের শেষে সে আমাদের কাছে ঋনদাতা বিশ্বব্যাংক রুপে আভির্ভুত হইত ।
ঋনদানের সুবাদে আমাদের উপর আজগরের যথেষ্ট প্রতিপত্তি প্রতিষ্টা পায় । সামান্য এদিক ওদিক হইলেই সে আমাদের উপর বেজায় রাগিয়া যাইত । রাগিয়া গেলে সে তোতলানো শুরু করিয়া দিত এবং ডেলিভারি ঠিকমত দিতে না পারিয়া চোখ বড় বড় করিয়া বলিত, এ্যাই শশশালাআআআ চুপ!!
তাহার এই অল্পতে রাগিয়া যাওয়ায় স্বভাবের দরুন আমরাও তাহাকে বারবার রাগানোর মওকা খুজিয়া লইতাম । একদিন এক কুক্ষনে উহাকে 'অজগর' সম্বোধন করিতেই চরম রাগিয়া যায় । আমরা মজা পাইয়া বারকয়েক বলিতেই সে মশারি বাঁধিবার লৌহদন্ড লইয়া আমাদের হলব্যাপি চরম একটা দৌড়ানি দিয়েছিল ।
অত:পর আমরা আজগরের নাম বিভিন্ন ভাষায় অনুবাদ করিয়া লইলাম এবং উহা দ্রুততার সহিত ক্যাম্পাসে ছড়াইয়া দিলাম,
প্রকৃত নাম ঃ আজগর
বাংলা নাম ঃ অজগর
ইংলিশ নাম ঃ পাইথন
পোলিশ নাম ঃ আজগরেস্কু
রাশান নাম ঃ আজগরভ
মঙ্গোলিয়ান নামঃ আজঙ গুরঙ
কিছুদিন পর আজগর তাহার সাংগঠনিক দক্ষতার প্রমান দেয়া শুরু করিল । তাহার নেতৃত্বে একদল টাংপু বন্ধু রাত্রি জাগিয়া ভিডিও দর্শনের আয়োজন করিল । সব হলের সব ব্যাচমেট বন্ধুদের দাওয়াত দেওয়া হইল । রাত্রি দশ ঘটিকায় আজগরের নেতৃত্বে তিনজন সাভার বাজার যাইয়া তিনশত টাকা দিয়া ভিডিও যন্ত্র ভাড়া করিয়া নিজ কাঁধে বহন করিয়া বীরদর্পে হলে প্রত্যাবর্তন করিল । টিভি কক্ষে ঐ বিশাল যন্ত্রখানি লইয়া প্রবেশ করিতেই জৈষ্ঠ ভাইয়েরা মুচকি হাসিয়া কক্ষ পরিত্যাগ করিলেন । কিছুক্ষনের ভিতরেই শত খানেক ব্যাচমেট বন্ধু টিভিকক্ষের বাইরে জটলা করিতে লাগিল । কিন্তু আজগর কাহাকেও ঢুকিতে দিবে না, তাহার হস্তে পাঁচ টাকা চাঁদা অর্পন করিয়া তবেই প্রবেশাধীকার পাওয়া গেল ।
ভিডিওতে 'তিন গুনন' মুভি শুরু হইতেই দর্শকদের মধ্যে সাড়া পরিয়া গেল । মজার মজার অশ্রাব্য মন্তব্য আর হাস্যরসে কক্ষটি মাতিয়া উঠিল । হাস্যরস-উত্তেজনা চরম সীমায় পৌছাইলে আজগর ভিডিও যন্ত্রটি বন্ধ করিয়া দিয়া সামনের সারির চেয়ারে দাড়াইয়া তর্জনি উচাইয়া কঠোর হুমকি জারি করিল- কেউ বেশি বাড়াবাড়ি করিলে তৎক্ষনাৎ কক্ষ হইতে বাহির করিয়া দেওয়া হইবে । আমাদের ব্যাচের দুধর্ষ নেতা-ক্যাডাররা পর্যন্ত আজগরের মাতবরি মানিয়া লইয়া রাতব্যাপি 'রেটেড মুভি' উপভোগ করিল ।
আমাদের মধ্যে নাসের ছিল টাংপুমিতে সবার সেরা । সে ছিল একটি বাম দলের একক নেতা, একমাত্র কর্মী ছিল তাহার প্রেমিকা । নাসের অতি মনোহর পেন্সিলচিত্র আঁকিতে পারিত, আর মুখখানি নিরসবদন রাখিয়া এডাল্ট চুটকি বলিত । তার চুটকি শুনিয়া আমরা আনবিক বোমার মত ফাটিয়া লুটোপুটি খাইতাম । সে পেন্সিল দিয়া কাগজে নানান উদ্দেশ্যহীন আঁকিবুকি করিত, যাহাতে কিছুই স্পষ্ট হইতো না । কিন্তু পেন্সিলের শেষ আঁক দেয়ার পরেই ছবিতে বাৎস্যায়নের কামসূত্রের কোন অপরুপ ভঙ্গিমা ফুটিয়া উঠিত । সেই টাংপু নাসের আমাদের আজগরকে লইয়া একটা চুটকি বানিয়েছিল, যাহা আমাদের ডার্লিংদের সুবাধে ছাত্রী হলগুলোতেও ব্যাপক জনপ্রিয়তা পাইয়াছিল ।
চুটকি'টা এইরুপ, এক আপা তাহার নিম্নাঙ্গের বস্ত্র ত্যাগ করিয়া পদযুগল একটুকু ফাঁক করিয়া বসিয়া আছে । আজগর সম্মুখ অতিক্রমকালে উহা দেখিতে পাইল এবং ব্যাপক কৌতুহলে জিজ্ঞাসা করিল পদযুগলের ফাঁকে বস্তুটা কি ? আপা বলিলেন উহা ওয়াশিং মেশিন । আজগর উহাতে ওয়াশড হওয়ার ইচ্ছা পোষণ করিল এবং ওয়াশড হয়ে খুশি মনে প্রত্যাবর্তন করিল । পরেরদিন আবার গমন করিয়া ওয়াশড হওয়ার ইচ্ছে ব্যক্ত করিলে আপা কহিলেন- সবাই ওয়াশিং মেশিনের উপযুক্ত নহে, তুমি নিজ হস্তে ওয়াশ করিয়া লও ।
আজগর ঢাকা হইতে নতুন শিমুল তুলার লেপ কিনিয়া আনিয়াছে । নতুন দ্রব্য ক্রয় করিলে বন্ধুদের মিষ্টিমুখ করানোর রেওয়াজ আছে । আমরা খবর পাইয়া দল বাঁধিয়া তাহার কক্ষে গিয়া দেখি, সুবিশাল ডাবল মাপের নতুন লেপের ভিতর আজগর গুটিশুটি মারিয়া শুইয়া আছে । তাহার কক্ষসঙ্গী মোর্শেদ শোধাইল, আজগর সেই কলেজ লাইফ থেকেই বিবাহের জন্য অর্থ সঞ্চয় করিয়া আসিতেছে । সে সিদ্ধান্ত লইয়াছে, এখন থেকে যাহাই কিনিবে তাহাই যেন ডাবল মাপের হয় ।
মোর্শেদ একদিন খবর পৌছাইল, আজগর সারাদিন ধরে লেপের ভেতর শুইয়া রহিয়াছে । মোর্শেদকে দেখিলেই কিছু গোপন রাখিবার চেষ্টা করে । অতঃপর সেই রহস্য উদঘাটন করিতে আমরা একযোগে তাহার কক্ষে অভিযান চালাইলাম । আলমিরা, বইয়ের র্যাক, বালিশের নিচ সব খুজিয়া অবশেষে বিছানার নিচ হইতে যত্ন করিয়া গুছাইয়া রাখা গুপ্তবাবুর পাঁচখানা সাহিত্য আবিষ্কার করিলাম ।
আমাদের এক বন্ধু লোকমান, সীমাহীন পাগলামোর জন্য সবার কাছে লোকম্যাড নামে পরিচিত ছিল । তাহার যেকোন মাপের পাগলামোতেও ছেলে-মেয়ে কেহই রাগ করিত না । কেমেস্ট্রি ল্যাবে একমনে গবেষণারত কোন সুন্দরী ললনার কানের কাছে চুমু খাওয়ার 'উম্মাহ" আওয়াজ দিলেও তাহা সার্বজনীন বিমল আনন্দের ব্যাপার হইত । সেই লোকমানের সৌজন্যে সবগুলো গুপ্তসাহিত্য পরেরদিন শ্রেনীকক্ষে চলিয়া যায় । রমরমা গল্পের পাতাগুলো ছিড়িয়া ছেলেদের মধ্যে সমবন্টন করা হইল । মেয়েরা উৎসুক হইয়া আজগর কোথায় জিজ্ঞেস করিল, কিন্তু আজগর বিষয়টি টের পাইয়া আগেই নীরবে প্রস্থান করিয়াছিল । লোকমান গুপ্তসাহিত্য বিলিবন্টনে বিশাল অসাম্য করিয়াছিল, তাহা বুঝা গিয়াছিল ক্লাস শুরু হওয়ার পর । ক্লাস চলাকালিন মেয়েরা তাহাদের খাতা খুলিতে গিয়া একটা করিয়া সচিত্র সাহিত্য পাতা আবিষ্কার করিতে লাগিল আর বিপুল হাস্যরসে একে অপরের উপর লুটাইয়া পড়িতে লাগিল ।
বয়োবৃদ্ধ অধ্যাপক চশমার ফাঁক দিয়া তীক্ষ্ন দৃষ্টি বর্ষন করিয়া বিষয়টি বোঝার চেষ্টা করিয়াছিলেন, কিছু বোধগম্য হয়েছিল কিনা তাহা আমরা বুঝিতে পারি নাই ।
*************************************
(রম্যখানি প্রকাশের পূর্বে আজগরকে ফোন দিয়েছিলাম । সব শুনে আজগর বলল, এ্যাইইশশশালা করছিস কি!
উপরের ছবিতে আজগরও ছিল । টেবিল ল্যাম্প ধরে ছবির জন্য লাইট সাপ্লাই দিচ্ছিলো । তখনকার দিনের রিল-ক্যামেরা, এংগেলেও এরর ছিল । তাই আজগর সহই ছবিটা চলে আসে । ও দিতে না করল, তাই তার ছবি এডিট করে দিয়েছি ।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




