চিটাগংয়ে আমাদের নিজস্ব একটা জমি আছে। নাসিরাবাদে। পাহাড়ের উপর। বাবা কিনেছিলেন, সেই বহু যুগ আগে আমরা যখন চিটাগং থাকতাম, তখন।
জায়গার পরিমান ভালোই। বড় সর বাড়ি বানানো যাবে। সামনে উঠান দিতে চাইলে দিলাম, নাহলে মাল্টিস্টোরেড বিল্ডিংও করা যায়।
বাবা মারা গেছেন আজ ছয়বছর হয়ে গেছে। আমরা এখন সব ভাইবোন বিদেশে চলে এসেছি। জমিটা দেশে ফেলে রাখলে বেদখল হবার সুযোগ আছে শতকরা একশো ভাগ। কাজেই বেঁচে ফেলাটাই বুদ্ধিমানের কাজ।
বেঁচতে গিয়ে দেখি জমির দাম তেমন উঠছে না। সবার এক কথা, পাহাড়ের উপর জমির দাম কম। সমতলে হলে একটা কথা ছিল।
একজন লোক এসে মাকে বুদ্ধি দিল, "আপা, কয়েক হাজার ট্যাকা দিলে আমি রাত্রে পাহাড় কাটার ব্যবস্থা নিতে পারি। পাহাড়ি মাটি, গুয়ের মতন নরম, ঠিক মতন কোদাল মারলে সামাইন্য বৃষ্টি দিলেই দেখবেন ধইসা সমান হয়া গেছে। এক রাত্রেই জমির দাম কয়েক লাখ ট্যাকা বাইরা যাইবো।"
আমরা সেদিন টাকা দেইনি। আমাদের জমির দামও বাড়েনি। এখনও জমি আগের দামেই স্থির আছে। এখনও জমির বেদখল হবার সুযোগ আছে। তবু ভাল। নিজেদের বিবেককে মানুষ খুনের দংশন পেতে হয়নি।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




