সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকায় ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তবে সরকার সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম ও বিসমিল্লাহ শব্দটি বাদ দেবে না বলেও জানিয়ে দেন তিনি।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের শফিক আহমেদ বলেন, "সংবিধান অনুযায়ী ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হবে। কোনও ভাবেই ধর্মকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে দেওয়া হবে না।"
তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
তিনি বলেন, "সংবিধানের অষ্টম সংশোধনী দ্বারা রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করা হয়েছে। তাই রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামই থাকবে। 'বিসমিল্লাহ' শব্দও যেখানে আছে, সেখানেই থাকবে। এ নিয়ে বিতর্কের কোনও সুযোগ নেই।"
আইনমন্ত্রী জানান, পঞ্চম সংশোধনীর মাধ্যমে ৭২' এর সংবিধান থেকে যেসব বিধান বাদ দেওয়া হয়েছে বা যেসব বিধান যুক্ত করা হয়েছে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইন কমিশনের পরামর্শ নেওয়া হবে। এরপর সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল আবেদন রোববার প্রত্যাহার করা হয়। এর ফলে খারিজ হয়ে যায় রায় স্থগিতের আদেশও।
সামরিক সরকারের বৈধতা নিয়ে করা ১৯৭৭ সালের ৭ নম্বর মার্শাল ল' রেগুলেশন (এমএলআর) চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০৫ সালের ২৮ আগস্ট পঞ্চম সংশোধনী অবৈধ বলে রায় দেয়।
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১০ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


