
[আজকের দিনে যাকে মৃত বলছি, তিতুমীর কলেজের ছাত্র মৃত রাজিবের প্রতি।]
তুমিও একদিন মানুষ হতে চেয়েছিলে, বিচ্ছিন্নতায়।
❐
তোমার হাত ছিল
সুন্দর মুখের যে অবাক চাহনি-
বিশ্বাস করো,
এই সমাজ, প্রতিহিংসায় তোমার বেড়ে উঠা।
তুমিও বুঝি একদিন মানুষ হতে চেয়েছিলে?
প্রতিদিনকার বিস্মৃত সময়, কাল সে তো যাচ্ছে চলে,
ফেরাবার ক্লান্তি নেই;
সেই নিত্যদিনকার জঞ্জালে ভরা আমাদের গণ্ডগোলের শহরে
তুমিও একদিন মানুষ হতে চেয়েছিলে।
ভীষণ রৌদ্রমাখা পিচে চলেছে যে রাজপথ
আমাদের গণ্ডগোলে ভরা শহরে
তুমি মানুষ চেয়েছিলে।
তুমি মানুষ হতে চেয়েছিলে বিচ্ছিন্ন এক দেহের চেয়ে
অনেক বেশী বিচ্ছিন্ন এক শহরে।
অথচ একটি প্রশ্ন ছুঁড়ে দিয়ে লীন হলে,
সেই শহরের সভ্যতার চেয়ারটাতে
যারা আজো বসে আছে বিচ্ছিন্নতায়,
তারাও বুঝি মানুষ অথবা মানুষ হতে চায়?
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





