স্বনামে ছাপার দীর্ঘ ছয় মাস পর বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া আবিষ্কার করলেন লেখাটি তাঁর নয়! জিএসপি সুবিধা বাতিলের অনুরোধ জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায় প্রকাশিত তাঁর লেখা ওই নিবন্ধ নিয়ে এখন নিজেই পড়েছেন ‘মহাফ্যাসাদে’। হঠাৎ করেই নিজের লেখা নিবন্ধের দায় অস্বীকার করে জন্ম দিয়েছেন নতুন বিতর্কের। বিস্মিত, হতবাক দেশবাসী। প্রশ্ন উঠেছে, এত দিন কেন বিরোধীদলীয় নেতা তাঁর নামে প্রকাশিত নিবন্ধের দায় অস্বীকার করেননি? জিএসপি সুবিধা বাতিলের দায় এড়াতেই কী তাঁর এই ‘ইউটার্ন’? তথ্যপ্রযুক্তির যুগে বিভিন্ন ওয়েবসাইটে ও খোদ পত্রিকাটি ৩০ জানুয়ারির সংখ্যায় এখনও বিরোধীদলীয় নেত্রীর নিবন্ধটি পাওয়া গেলেও হঠাৎ করেই বিরোধীদলীয় নেত্রীর এ অস্বীকার নতুন করে তোলপাড়ের সৃষ্টি করেছে। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে, আসলে জিএসপি সুবিধা বাতিলের পর নিবন্ধ নিয়ে গ্যাঁড়াকলে পড়েই খালেদা জিয়া এখন তা অস্বীকার করছেন। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘ওয়াশিংটন টাইমস’-এর মতামত কলামে গত ৩০ জানুয়ারি খালেদা জিয়ার নামে ‘দ্য থ্যাংক্্লেস রোল ইন সেভিং ডেমোক্র্যাসি ইন বাংলাদেশ’ শিরোনামে নিবন্ধটি প্রকাশিত হয়। একইসঙ্গে জিএসপি সুবিধা রাখা বা না রাখার বিষয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করেন খালেদা জিয়া তাঁর নিবন্ধে। মজার ব্যাপার হচ্ছে, দেশ-বিদেশে যখন বিরোধী দলের নেতা খালেদা জিয়ার লেখা নিবন্ধটি নিয়ে সমালোচনার ঝড় বইছিল, তখন খালেদা জিয়াসহ বিএনপির পক্ষ থেকে নিবন্ধের দায় অস্বীকার করেননি। বরং বিএনপির সিনিয়র নেতারা ওই নিবন্ধের পক্ষেই সাফাই গেয়েছেন। প্রয়োজনে এমন প্রবন্ধ খালেদা জিয়া আরও লিখবেন বলে বেশ জোর গলায় ওই সময় জানিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। সারাদেশে গড়ে ওঠা আলোচনা-সমালোচনার জবাবে ওই সময় ব্যারিস্টার মওদুদ আহমদ একাধিক অনুষ্ঠানে বিরোধী দলের নেতার নিবন্ধের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘গণমাধ্যমে নিবন্ধ লেখার জন্য রাষ্ট্রদ্রোহিতা হয় না। ভাল করে আইন-কানুন জেনে সবার কথা বলা উচিত। আসলে সরকারের দুর্নীতি ও দুঃশাসন নিয়ে খালেদা জিয়া সত্য কথা লেখায় সরকারী দলের আঁতে ঘা লেগেছে। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ও দু’বারের বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েই এ সত্য প্রতিবেদন ছাপিয়েছেন, সারাপৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



