জিততে হলে পাকিস্তানের দরকার ১৮০ রান। হাতে আছে প্রায় আড়াই দিন ও ১০ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা করেছে বিনা উইকেটে ১৮। সালমান বাট ১০ ও ইমরান ফরহাত ৪ রানে ক্রিজে রয়েছেন। এর আগে ১৭০ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার ২য় ইনিংসকে অনেক বড় করার স্বপ্ন দেখিয়েছিলেন অসি অধিনায়ক রিকি পন্টিং ও সহ-অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২য় দিন শেষে ভালো অবস্থানের দিকেই যাচ্ছিলো অস্ট্রেলিয়া।
কিন্তু শেষ রক্ষা হয়নি। তারপরেও ক্লার্ক ও স্টিভেন স্মিথের ৭৭ রানের দারুণ দুটি ইনিংসের ওপর ভর করে ৪র্থ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানকে তারা ১৮০ রানের টার্গেট দিয়েছে। ১ম ইনিংসে ৮৮ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়া ২য় ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩৪৯ রান। অপরদিকে ১ম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২৫৮।
৩য় দিনে অসি ব্যাটসম্যানদের সামনে আবার ত্রাস ছড়িয়েছেন পাকিস্তানের বোলাররা। বিশেষ করে মোহাম্মদ আমের ও আসিফ। শুরুটা করেছিলেন আমের। দিনের শুরুতেই পন্টিং, মাইক হাসি ও মার্কাস নর্থকে আউট করে পাকিস্তানকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন তিনি। ১৩৬/২ থেকে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১৬৪/৫। ৬১ রান করা পন্টিং ৩য় দিনে আরো ৫ রান যোগ করে সাজঘরে ফেরত যান। ১ম ইনিংসে ৫ রান করা মাইক হাসি ২য় ইনিংসেও মাত্র ৮ রান করে বিদায় নেন। এরপর রানের খাতা না খুলেই আমেরের বলের বোল্ড হন নর্থ।
১৬৪ রানে ৫ উইকেট হারিয়েও ভেঙ্গে পড়েনি অস্ট্রেলিয়া। পথ দেখিয়েছেন ক্লার্ক। ৬ষ্ঠ উইকেটে টিম পাইনের সাথে গড়ে তোলেন ৫৩ রানের জুটি। কিন্তু পুরো সকাল দারুণ বল করেও উইকেটশূন্য থাকা মোহাম্মদ আসিফ লাঞ্চের পর নিজের ১ম ওভারের ১ম বলে তুলে নেন ক্লার্কের মূল্যবান উইকেটটি। ৭৭ রান করে ক্লার্ক ফিরে গেলেও অসিদের প্রতিরোধ পর্ব শেষ হয়নি। এরপর ছোট ছোট কয়েকটি জুটি গড়ে স্মিথ-পাইন-জনসন-হিলফেনাস-বোলিঞ্জার পাক বোলারদের বিপক্ষে ভালোই প্রতিরোধ গড়ে তোলেন। পাইন ৩৩ রান করে দানিশ কানেরিয়ার ও মিশেল জনসন ১২ রান করে আসিফের শিকারে পরিণত হন।
এরপর মোটামুটি ওয়ানডে স্টাইলে খেলা শুরু করে তারা। স্মিথ-হিলফেনাস ৫.২ ওভারে গড়ে তোলে ৩৭ রানের জুটি। বিশেষ করে নতুন বলে বোলারদের ওপর তোপ চালিয়েছে ব্যাটসম্যানরা। ১৭ রান করা হিলফেনাসকে কানেরিয়া থামালেও থামাতে পারেননি রানের তোড়। শেষ উইকেটে বোলিঞ্জারকে নিয়ে আরও ২৯ রান সংগ্রহ করেন স্মিথ। দারুণ ব্যাটিং করা স্মিথ অস্ট্রেলিয়াকে এনে দিয়েছেন ১৭৯ রানের লিড। ক্যারিয়ারের ২য় টেস্টেই কঠিন পরিস্থিতিতে খেলেছেন ৭৭ রানের কার্যকরী ইনিংস। আমের ৮৬ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া আসিফ ও কানেরিয়া পান ২টি করে উইকেট।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়ার ১ম ইনিংস মাত্র ৮৮ রানে গুটিয়ে যায়। আমের-আসিফ ও উমর গুলের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়া ৫৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ১০০ এর নিচে রান করে আউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ওয়াটসনের তোপের মুখে দারুণ শুরুর পরেও ২৫৮ রানে সব উইকেট হারায় পাকিস্তান। ওয়াটসন ৩৩ রানে ৬ উইকেট নেন। সর্বোচ্চ ৪৫ রান আসে সালমান বাটের ব্যাট থেকে।
প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়াই একমাত্র দল যারা ১ম ইনিংসে ১০০ এর নিচে রান করেও ম্যাচ জিতে মাঠ ছেড়েছিলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

