ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টেও শ্রীলঙ্কা বড় সংগ্রহের ভিত গড়েছে। মঙ্গলবার প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ৪ উইকেটে তুলেছে ২৯৩ রান।
উইকেটে রয়েছেন থিলান সামারাবীরা ৬৫ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৬ রানে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
শুরুতে অন্যতম উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানা (৮) দলীয় ১৫ রানের মাথায় ইশান্ত শর্মার বলে মহেন্দ্র সিং ধোনির হাতে ক্যাচ দিলে চাপে পড়ে শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় উইকেটে তিলকরতে� দিলশান ও সাঙ্গাকারা দলকে শক্ত ভিত গড়ে দেন। গড়েন ৮৭ রানের জুটি।
ব্যক্তিগত ৪১ রানের মাথায় রান আউট হন দিলশান। দলের রান তখন ১০২। সেখান থেকে সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে ৫৫ রানের আরো একটি জুটি গড়েন। বিপজ্জনক এই জুটি ভাঙ্গেন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। তার বলে ৭৫ রানে বীরেন্দর শেবাগের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান সাঙ্গাকারা।
চমৎকার খেলছিলেন মাহেলা। কিন্তু ৫৬ রান করে ওঝার বলেই তিনি এলবিডব্লিউয়ের শিকার হন। যদিও আম্পায়ারের সিদ্ধান্তটি বিতর্কিত ছিল। টিভি রিপ্লে সেটাই দেখিয়েছে।
মাহেলা এবং সামারাবীরা চতুর্থ উইকেটে যোগ করেন ৮৪ রান।
এরপর দিনের শেষ পর্যন্ত ৫২ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন সামারাবীরা এবং ম্যাথিউস।
ভারতের সেরা বোলার ছিলেন ওঝা। ৭৮ রান দিয়ে দু'টি উইকেট নেন। ইশান্ত শর্মা ৪৯ রানে নেন একটি মাত্র উইকেট।
তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। প্রথম টেস্ট স্বাগতিকরা জিতলেও পরের ম্যাচ ছিল অমীমাংসিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

