২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলায় কারা কারা জড়িত তা জানার জন্য ডিরেক্টোরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) এর পক্ষ থেকে একটি অনুসন্ধান চালাতে চেয়েছিলেন সাদিক হাসান রুমী। ঘটনার পরদিন দুপুরে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এ জন্য অনুমতিও চেয়েছিলেন। কিন্তু খালেদা জিয়া তাকে জানিয়েছিলেন, এ বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি করে দেওয়া হবে। আপনাদের তদন্তের প্রয়োজন নেই।
গ্রেনেড হামলা মামলায় সোমবার আদালতে সাক্ষ্য দেওয়ার সময় সাবেক ডিজিএফআই প্রধান মেজর জেনারেল (অব.) সাদিক হাসান রুমী এমন সাক্ষ্যই দেন।
সোমবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১২টা ২৫ মিনিট পর্যন্ত তিনি আদালতে জবানবন্দি দেন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন এজলাসে এ মামলার বিচার চলছে। ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেদ নূর উদ্দিন সাক্ষ্য গ্রহণ শেষে আগামী ১১ নভেম্বর জেরার দিন ধার্য করেন।
মামলাটির ৪৯১ জন সাক্ষীর মধ্যে ৬৫ নম্বর সাক্ষী হিসেবে তিনি এ সাক্ষ্য দেন।
জবানবন্দিতে তিনি বলেন, “১৯৭৫ সালে তিনি সেনাবাহিনীর পদাতিক ডিভিশনে কমিশন পান। ১৯৯৫ সালে তিনি ডিজিএফআইতে বদলি হন। ২০০২ সালে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে ডিজিএফআই’র ডিজি হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় নৃশংস গ্রেনেড হামলার সময় তিনি ডিজিএফআই ডিজি’র দায়িত্বে ছিলেন।
তিনি বলেন, “২০০৪ সালের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ওইদিন বিকাল সাড়ে ৫টা/পৌনে ৬টার দিকে ঢাকা ডিটাসমেন্ট কমান্ডার কর্নেল ইমাম (বর্তমানে বিগ্রেডিয়ার) আমাকে মোবাইল ফোনে জানায়। আমি ঘটনাটি প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জানানোর চেষ্টা করছিলাম। ওইদিন প্রধানমন্ত্রী ঢাকার বাইরে নোয়াখালী এলাকায় জনসভায় ছিলেন। তাকে বা তার এডিসিকে না পেয়ে আমি তার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীকে মোবাইল ফোনে অবহিত করি এবং প্রধানমন্ত্রীকে জানানোর অনুরোধ করি।”
তিনি বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও একইভাবে জানালে তিনি অফিসে আছেন এবং শুনেছেন বলেই সংযোগ বিচ্ছিন্ন করে দেন।”
রুমী বলেন, “ঘটনার পর দিন সকালে রেজ্জাকুল হায়দার চৌধুরী আমাকে জানান যে, ঘটনার রাতেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর টেলিফোনে তাকে নির্দেশ দিয়েছিলেন সেনাবাহিনীর লোক পাঠিয়ে ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত গ্রেনেডগুলি দ্রুত ধ্বংস করে ফেলতে। নির্দেশ পেয়ে রাতেই ২টি গ্রেনেড ওসমানী উদ্যানে ধ্বংস করা হয়। অবশিষ্ট ২টি গ্রেনেড পরদিন বিকালে ক্যান্টনমেন্ট ইঞ্জিনিয়ার ব্রিগেড মাঠে ধ্বংস করা হয়।”
তিনি বলেন, “পরদিন বেলা ১২টার দিকে আমি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ডিজিএফআই এর পক্ষ থেকে অনুসন্ধান চালানোর অনুমতি চাই। প্রধানমন্ত্রী আমাকে বলেন- এই ঘটনা অনুসন্ধানের জন্য একটি কমিটি করে দেওয়া হবে, আপনাদের অনুসন্ধানের প্রয়োজন নেই।”
জবানবন্দিতে তিনি আরও বলেন, “মুফতি হান্নান গ্রেফতারের পর ২০০৬ সালের আগস্ট মাসে মুফতি হান্নান ও বিপুলকে টিএফআই সেলে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তারা স্বীকার করেন যে, একুশে আগস্ট গ্রেনেড হামলাসহ অনেক হামলার সঙ্গে তারা জড়িত। মুফতি হান্নান স্বীকার করেন যে, একুশে আগস্ট গেনেড হামলা তিনি পরিচালনা করেছেন এবং ২১ আগস্টসহ এর আগের সব হামলায় তাকে মওলানা তাজউদ্দিন গ্রেনেড সরবরাহ করেছেন। তিনি আরো জানান, একুশে আগস্ট গ্রেনেড হামলায় হুজি ছাড়া তাজউদ্দিনের ভাই আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর ও তারেক রহমান জড়িত ছিলেন। ঘটনার আগে আব্দুস সালাম পিন্টুর সরকারি বাসায় আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর, মুফতি হান্নান, মওলানা আবু তাহের, মওলানা তাজউদ্দিনসহ আরও কয়েকজন হামলার প্রস্তুতিমুলক মিটিং করে। পিন্টু ও বাবর হামলার বিষয়ে প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন।”
মামলার আসামি সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়েছে।
অন্যদিকে জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সী আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির আছেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জনসভায় সন্ত্রাসীরা ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রেসিডেন্ট জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নির্মমভাবে নিহত হন। সাবেক বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য প্রানে বেঁচে যান। আহত হন শতাধিত নেতাকর্মী।
এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক ফারুক হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ও সাবের হোসেন চৌধুরী বাদী হয়ে মতিঝিল থানায় পৃথক ৩টি এজাহার দায়ের করেন।
২০০৮ সালের ১১ জুন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও জঙ্গি নেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে সিআইডি এ মামলায় প্রথম অভিযোগপত্র দেয়। কিন্তু হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেডের উৎস, সরবরাহকারী এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয়টি তদন্তের প্রয়োজনে ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত ৩ দফা শুনানি শেষে ২০১০ সালের ২১ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেয়।
পরে ২০১১ সালের ৩ জুলাই হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় দু’টি সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, হারিছ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ নতুন ৩০ জনকে আসামি করা হয়।
আগের চার্জশিটে আসামি ছিল ২২ জন। সম্পূরক চার্জশিটসহ বর্তমানে এ মামলার আসামি দাঁড়িয়েছে ৫২ জনে।
View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


