১০.০৫.০৭
আমার কাফন কাতরতা! শূন্যে মেলে চোখ, অস্তিত্বভুক
মৃত্যু পরোয়ানা আনা দাঁড়কাক খুবলে নেয় দৃষ্টি
খুঁড়তে খুঁড়তে বুক সাত দীঘির জল ভারাক্রান্ত চলাচল
সর্পবেষ্টনী সরিয়ে কুয়াশার জিভে মুখ রেখে দেখে
চেতনা এখনো সেই অনুভবে আলুলায়িত উন্মুখ
দিন পেতেছে শয্যা রাতের করতলে আকাশ নিঃসঙ্গ
তারাবিহীন, মেহেদী আঁধার শুধু নকশা কেটে যায়
মাছের আঁশ ছাড়ানো বটির শীতলতায়
ওই ধূলো, চিতকার, হর্ণ, ঘণ্টাধ্বনি, মনুষ্য কাফেলা
কেনো ঢেকে দেয় না আশার মৃত মুখ? তারা জানে না,
তুমি আসবে না? পরিযায়ী পাখির ডানা উঠেছে ঝাপ্টে
তুমি চলে যাবে বিশ্বায়নের পথে দূরে
কোথায় সে শক্তি তোমাকে ধরবো ঘূর্ণি হাওয়ায় উড়ে?
আমি যে চিরকালের ঝরাপাতা, বাউরি বাতাসে
দিগ্বিদিক ঘোরাই আমার নিয়তি, জানো সে কথা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




