কাল রাতে আমার বাসায় পুলিশ এসেছিলো । কেন এসেছিলো বুঝতেই পারছেন ।
আমরা যেই এপার্টমেন্টে থাকি, সেখান থেকে অন্তত দশজনকে ধরে নিয়ে গেছে । সবার মুখে যে দাড়ি ছিলো এমন নয় । তবে দাড়িওয়ালাদের প্রতি যে তাদের আলাদা টার্গেট ছিলো, সেটা তারা অকপটে স্বীকার করে গেছেন।
আমাদের বাসায় আমারা চারজন থাকি। আমি, আমার চাচাত ভাই, আমার ছোট কাকা ও আমার এক ফুপাত ভাই।
তখন রাত ১১ টা ৩৬ বাজে। আমরা পিসিতে একটা ডকুমেন্টারি দেখছিলাম।
পুলিশ এসেই প্রথম যে বাক্যটি বললো, সেটা হলো- আপনাদের তো দাড়ি আছে।
তারপরে তাদের বক্তব্য- এখন তো আপনাদের গ্রেফতার করা ছাড়া উপায় নেই। বোঝেনই তো আমরা সরকারি চাকরি করি। যাহোক বলেন আপনার কে কী করেন ?
আমার চাচাত ভাই রফিক কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে চাকরি করেন। সেটা শোনামাত্রই এক অফিসার তির্যক মন্তব্য ছুঁড়ে দিলেন- ওসব তো দালালি ব্যবসা। মানুষকে ধোঁকা দিয়ে পয়সা কামানো। ভাবখানা তার এমন যেন, একমাত্র পুলিশি চাকরিতেই সহিশুদ্ধ তরিকায় হালাল ইনকাম করা যায়।
আমি জার্নালে কাজ করি শুনে হুংকার ছাড়লো, আইডি কার্ড দেখান। আইডি কার্ড কিছুক্ষন গবেষণার চোখে চেটেপুটে দেখলেন। তারপর অতি অবজ্ঞায় ছুঁড়ে মারলেন আমার বিছানার উপর।
এমন সময় আরেকজন হোমড়া চোমড়া সিভিল পুলিশ রুমে ঢুকেই বললেন, আপনাদের দাড়ি-টুপির বেশ দেখে তো মনে হয় আপনারা হিযবুত তাওহীদ করেন।
আমরা সবাই নির্বাক। নিরুপায়।
আমি অনেকটা মূক ও বধির হয়ে রইলাম। এরপওে তাদের ক্রমাগত হুমকি ধমকি যদ্দুর কানে যাচ্ছিলো, তাতে ওদের প্রতি একদিকে ঘৃণা আবার অপরদিকে করুণা হচ্ছিলো।
আলগোছে তাকিয়ে দেখলাম, তাদের মধ্যে একজন পুলিশ আমাদের রুমের একটা পিন চার্জার চেয়ে নিয়ে এই সুযোগে তার মোবাইলটা চার্জ করিয়ে নিচ্ছে।
যাবার সময় কেবল বলে গেলো তারা- আপনারা তো অতি শীঘ্রই এ্যারেস্ট হয়ে যাবেন।
আমি অপেক্ষায় আছি, মুক্তিযুদ্ধের ১৪ বছর পরে জন্ম নেয়া এই আমাকে খুব শীঘ্রই রাজাকার বলে কারাগারে নিক্ষেপ করা হবে। ২৬ বছর বয়সের যেই ছেলেটা জীবনভর দেশপ্রেমের গান গেয়ে গেলো, দেশের টেকনাফ আর তেতুলিয়া সীমন্ত চষে বেড়িয়ে যেই তরুণ বন্ধুদের নিয়ে দেশপ্রেমের শপথ করলো, “কোনদিন দেশবিরোধী কর্মকাণ্ডে যোগ দেবো না”- সে হবে দেশদ্রোহী। জামায়াতের হুমকি উপেক্ষা করে যার জামায়াত বিরোধী রচনা পত্রিকার প্রচ্ছদ প্রতিবেদন হয়, সে পরিণত হবে শিবির কর্মীতে।
বন্ধুরা মাফ করো আমায়, আমি দাড়ি-টুপি ছাড়তে পারবো না....স্যরি, ইসলামের আনুগত্য প্রকাশের খাতিরে সেটা আমার জন্য সম্ভব হচ্ছে না....
তোমরা আমাকে গ্রামে পালিয়ে যেতে বলেছো, সেটাও আমি পারবো না....পালিয়ে থাকার দূর্বিষহ জীবন থেকে কারাগার অনেক ভালো....
যে দেশের বাতাস আজ আমি প্রাণ ভরে গ্রহণ করতে পারছি না, সে দেশটাকে আমি এত ভালোবাসি, যদি সে দেশ চায় আমাকে কারাগারে পচে মরতে হবে, কিংবা রাজপথে গুলি করে মারা হবে, তবে তাই হোক.....
কেবল একটা প্রশ্ন আমার- এদেশের পুলিশ কি মুসলিম না ? পুলিশের চোখে কি ধর্মদ্রোহের চশমা আঁটা ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

