তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম। দিন রাত মিলে ৮-১০ বার লোডশেডিং চলছে। এদিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াসহ বিভিন্ন স্থানে ওয়াইফাই সংযোগ ও হলগুলোতে ব্রডব্যান্ড সংযোগ থাকলেও লোডশেডিংয়ের কারণে চরম দূর্ভোগের শিকার হচ্ছে শিক্ষার্থীরা।
সুত্রে জানা গেছে, সরকার কর্তৃক বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষনা দেয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে তীব্র লোডশেডিং শুরু হয়েছে। দিন-রাত মিলে কমপক্ষে ৮ থেকে ১০ বার লোডশেডিং চলছে। বিশেষ করে বিকেল, সন্ধ্যা ও শেষ রাতের দিকে লোডশেডিং এর মাত্রা একটু বেশি। বিকেলে একবার বিদ্যুৎ গেলে প্রায় ঘন্টা দুয়েক পরে আসে। আবার কোন কোন সময় দুপুরে বিদ্যুৎ গেলে সন্ধ্যা অবধি আসে না। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। এদিকে বিদ্যুত না থাকায় সুষ্ঠুভাবে কোন অনুষ্ঠান করতে পারছেনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কালে ক্যাম্পাসে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়ে কর্তৃপক্ষ। এদিকে লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার চত্বর, জুবেরী ভবন চত্বর, কেন্দ্রীয় ক্যাফেটারিয়াসহ বেশ কয়েকটি স্থানে ওয়াইফাই সংযোগ এবং বেশ কয়েকটি আবাসিক হলে ব্রডব্যান্ড সংযোগ থাকলেও তা চাহিদা মত ব্যবহার করতে পারছেনা নেট খেকোরা। তাছাড়া লোডশেডিংয়ের কারণে কয়েকটি আবাসিক হলে পানি সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে এবং শিক্ষার্থীরা তাদের পড়াশুনায় মনোযোগ দিতে পারছেনা।
আবাসিক সোহরাওয়ার্দী হলের হাসানুজ্জামান, শামসুজ্জোহা হলের সিদ্দিক, সাইদ, তুরফান, রাকিব, লতিফ হলের শান্ত লোডশেডিংয়ের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, গত কয়েকদিন ধরে দিন-রাতের বেশির ভাগ সময়ই ক্যাম্পাসে বিদ্যুৎ থাকছেনা। বিকেলে একবার গেলে আর আসার কোন খোজ থাকে না। বিদ্যুৎ না থাকার কারণে শিক্ষার্থীরা ল্যাবের গবেষণা কাজ ও পড়ালেখায় মনোযোগ দিতে পারছেনা বলেও অভিযোগ করেন তারা।
ক্যাম্পাস শাখার বিদ্যুৎ অফিসের ইনচার্জ আবুল হাসনাত বলেন, গত দু’দিন ধরে একটু লোডশেডিংটা বেড়েছে। তিনি বলেন, লোডশেডিং-এ আসলে ক্যাম্পাস শাখা বিদ্যুৎ অফিসের কোন ভূমিকা নেই। এটা সম্পূর্ণ সেন্ট্রাল থেকেই নিয়ন্ত্রণ করা হয়। তবে বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাস সংলগ্ন তালাইমারী বিদ্যুৎ অফিসে একটু সমস্যা হয়েছিল। আরও দু’একদিন এ সমস্যা চলতে পারে বলেও জানান ওই কর্মকর্তা। ###

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


