হতাশাজনক !! পুরোপুরি হতাশাজনক
দেশে বেকারত্বের হার কমেছে । কথাটা হতাশাজনক । ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত এত বড় একটি প্লাটফর্মে থেকে যদি গত ১ বছরে ৮-১০ জন শিক্ষার্থী শুধুমাত্র চাকুরী পাওয়ার হতাশায় আত্মহত্যা করতে পারে তাহলে বাকী প্ল্যাটফর্মগুলোর কথা বাদই দিয়ে দিন ।
দেশে একটিও গরীব নেই । কথাটা হতাশাজনক । আপনি যখন ১০ তলার উপর থাকবেন, তখন আপনার বিল্ডিং এর একেবারে নিচতলার পিছন দিকের ঝুপড়ির ভিতর থাকা, শীতে ঠকঠক করে কাঁপতে থাকা ঐ গরীব পরিবার হয়তো আপনার নজরে আসে না, কিন্তু বাকীদের চোখ এড়ায় না ।
দেশের মেধাবী জনগোষ্ঠী বাড়ানোর লক্ষ্যে আপনি করলেন কি, দেশে শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনলেন । জিপিএ ৫ এর সংখ্যা আশংকাজনকভাবে বাড়িয়ে দিলেন কিন্তু ভিতরটাকে করলেন মেধাশুন্য । ব্যাপারটা হতাশাজনক । এরাই আবার ভবিষ্যতে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশকে প্রতিনিধিত্ব করবে । একবার ভেবেছেন, আদৌ তার যোগ্য হবে কি তারা ?
লক্ষ লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে পাচার হয়ে গেলো যেন বাতাসে । ব্যাপারটা হতাশাজনক । কোন বাবা হয়তো তার মেয়ের বিয়ের টাকা জমিয়েছিল তিল তিল করে, ছেলের উচ্চশিক্ষার টাকা জমিয়েছিল, কোন ছেলে হয়তো বছরের পর বছর ধরে নিজ পায়ে দাঁড়ানোর সম্বল জমিয়েছিল । সব নিমেষেই গায়েব । এমনকি টাকাগুলো উদ্ধার পর্যন্ত হওয়ার নাম নেই ।
একটি পুরো প্রজন্মকে বুঝিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক চেতনা মানে হচ্ছে চুপচাপ বুঝে যাওয়া, নিজে থেকে কিছু বলার চেষ্ঠা না করা । আজ যারা ক্লাস ৯-১০-১১-১২ এ পড়ে তারা তো বুঝ হওয়ার পর থেকেই একই রাজনৈতিক চেতনা দেখে আসছে, এদের মুখ থেকে রাজনৈতিক আলোচনা পুরোপুরি হাস্যকর লাগে কিন্তু এতে এদেরই বা দোষ কোথায় !! তবে এদের বুকে স্বাধীনতার ধারণের বিষয়টা চমকপ্রদ । তবে সেটি আরও স্পষ্ট হওয়া দরকার, যতটা বর্তমানে আছে ।
হতাশাজনক ব্যাপারগুলোকে বদলে দিন । নিজের আশপাশটা আগে পরিবর্তন করুন । হতাশার বৈপরীত্য নিয়ে আসুন । আপনি যতই যা করেন, নিজের সুবিধার জন্য অপরকে অযথা প্রভাবিত করা বন্ধ করুন । নিজের মেধা-মননকে কাজে লাগান, দেখবেন কোনটা ভালো আর কোনটা খারাপ, সেটা কারও কাছ থেকে জানার দরকার নেই আপনার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

